জাপানের আয়া সোফিয়া মসজিদে আজান দিলেন এরদোগানের ছেলে

ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের আদলে জাপানের সুশিমা শহরেও একটি মসজিদ নির্মিত হয়েছে। সেটির নামও আয়াসোফিয়া মসজিদ। সম্প্রতি জাপান সফরকালে ওই মসজিদে আজান দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের ছেলে বিলাল এরদোগান।

 

সোমবার ইয়েনি শাফাক এ সংক্রান্ত ২ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে। সেখানেই বিলাল এরদোগানকে অত্যন্ত সুরলিত কণ্ঠে আজান দিতে শোনা যায়। বর্তমানে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

 

বিলাল এরদোগান তুরস্কের ইলিম ইয়ায়মা ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান। তিনি ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

তার জাপান সফরের কর্মসূচিতে তুরস্ক ও জাপানের ঐতিহাসিক সম্পর্ক এবং সাংস্কৃতিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। টোকিওতে ‘সুলতান দ্বিতীয় আবদুল হামিদ আমলে তুরস্ক-জাপান সম্পর্ক ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন তিনি। 

 

টোকিও ইউনুস এমরে ইনস্টিটিউট, ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় ও তুজিয়াদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় সংশ্লিষ্ট একটি আলোকচিত্র প্রদর্শনীও উদ্বোধন করেন তিনি। 

 

সফরসূচির অংশ হিসেবে টোকিও মসজিদও পরিদর্শন করেন বিলাল এরদোগান। তবে সুশিমার আয়াসোফিয়া মসজিদে তার সফরের নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

 

জাপানের মধ্যাঞ্চলে অবস্থিত সুশিমা আয়াসোফিয়া মসজিদ দেশটির অন্যতম বৃহৎ ইসলামিক কমপ্লেক্স। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া মসজিদটির স্থাপত্যে ঐতিহ্যবাহী অটোমান ও তুর্কি রীতির প্রভাব রয়েছে। গম্বুজ, মিনার ও অভ্যন্তরীণ কারুকাজে মসজিদটি দর্শনার্থীদের আকৃষ্ট করে।

 

মসজিদটি মুসলমানদের নামাজ আদায়ের স্থান হওয়ার পাশাপাশি জাপানে বসবাসরত তুর্কি ও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সামাজিক-সাংস্কৃতিক মিলনকেন্দ্র হিসেবেও ভূমিকা রাখছে। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে সম্প্রীতি ও সংলাপের ক্ষেত্র তৈরিতেও এর অবদান রয়েছে।

 

সূত্র : ইয়েনি শাফাক