ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে সোমবার (২ নভেম্বর) হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা তুলে ধরছেন, ঠিক সেই সময় সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে গোপনে চালানো সীমিত সামরিক হামলার ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হলো।
মঙ্গলবারের (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন ট্রাম্প। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা কয়েক মাস ধরে কোনো লড়াই করছি না।”
তবে ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যেই কেশম দ্বীপে নতুন মার্কিন হামলার খবর সামনে এসেছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে একাধিক হামলা চালিয়েছে ওয়াশিংটন।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে কেশম দ্বীপে সন্দেহভাজন তেল নিঃসরণের পরের একটি স্যাটেলাইট চিত্রও প্রকাশ করা হয়েছে। ছবিটি গত আগস্টে ধারণ করা বলে উল্লেখ করা হয়েছে। এর কৃতিত্ব দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস সেন্টিনেল-২ এবং রয়টার্সকে।