যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। দলটি ৫১টি আসন নিশ্চিত করে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে নির্বাচনের ফল মেনে নেওয়ার পাশাপাশি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে মেহের নিউজ জানায়, সিনেটে ৫১টি আসন পাওয়ার মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি মধ্যবর্তী নির্বাচনের ফলাফল মেনে নিতে সম্পূর্ণ প্রস্তুত।
ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই নির্বাচনের ফলাফল মেনে নিতে প্রস্তুত।’ ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার বিষয়ে তিনি আরও বলেন, ‘আমরা তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকব। সম্ভবত কোনো একটি সমাধানে পৌঁছাতে পারব।’
সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠিত হলে ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়ন, সরকারি নিয়োগ এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে। একই সঙ্গে প্রশাসনের কর্মকাণ্ডের ওপর কংগ্রেসের নজরদারি ও তদন্তের সুযোগও বাড়তে পারে।