নির্বাচনে হারের জন্য এবার ফক্স নিউজকে দায়ী করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য সংবাদমাধ্যম ফক্স নিউজকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ডেমোক্র্যাটদের নিয়মিত সম্প্রচারের সুযোগ দিয়ে রক্ষণশীল প্রার্থীদের নির্বাচনী অবস্থান দুর্বল করেছে ফক্স নিউজ।

ট্রাম্প লেখেন, ডেমোক্র্যাট বিরোধীদের নিয়মিত ও ধারাবাহিকভাবে সম্প্রচারে জায়গা দেওয়ার কারণে এই পরাজয়ের দায় ফক্স নিউজকেও নিতে হবে।

এ সময় নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর প্রসঙ্গও টানেন ট্রাম্প। ফক্স নিউজ কেন তাঁকে সম্প্রচারে আমন্ত্রণ জানিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ট্রাম্পের অভিযোগ, ডি ব্লাসিও একসময় নগর প্রশাসনের দায়িত্বে ছিলেন এবং অসম্মানজনকভাবে দায়িত্ব ছেড়েছেন। এরপরও তাঁকে দেশের শাসনব্যবস্থা নিয়ে পরামর্শ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে সমালোচনা করেন ট্রাম্প।

নির্বাচনী প্রচারের পুরো সময়জুড়েই ফক্স নিউজের কয়েকজন উপস্থাপক, ভাষ্যকার ও সম্পাদকীয় সিদ্ধান্তের সমালোচনা করে আসছিলেন ট্রাম্প। তাঁর রাজনৈতিক অবস্থানের সঙ্গে মতের অমিল হলেই বিভিন্ন সময় এ সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাস অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে দলটি। এমন ফলাফল ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা বাস্তবায়নে বাধা তৈরি করতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি