চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইউরোপের বিভিন্ন দেশে একাধিক যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ ণবৈশ।ভল) অন্তত ১০টি ফ্লাইটে এ ধরনের হুমকি পাওয়ার খবর পাওয়া গেছে। এসব হুমকির কারণে কয়েকটি বিমানের গতিপথ পরিবর্তন করে অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়।
বোমা থাকার হুমকি পাওয়ার পর চেক প্রজাতন্ত্রে চারটি বিমানে তল্লাশি চালানো হয়। তবে কোনো বিমানেই বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির পুলিশ। এদিকে ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাহারায় একটি যাত্রীবাহী বিমানকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করানো হয়।
একইভাবে সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে ওয়ারশ থেকে ব্রাসেলসগামী একটি ফ্লাইটও নিরাপদে অবতরণ করে। তবে এই দুটি বিমানের কোনোটিতেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাসের একটি বিমানের গতিপথ পরিবর্তন করে ফ্রান্সের এভরু সামরিক বিমানঘাঁটিতে নেওয়া হয়। পরে সেখানে বিমানটিকে দেখা যায়।
বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে বলা হয়েছে, সম্ভাব্য বোমা হামলার হুমকির বিষয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আগেই এই ফ্লাইটকে সতর্ক করেছিল। এর আগে মঙ্গলবারও ইউরোপের অন্তত সাতটি ফ্লাইটে একই ধরনের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তবে সেসব বিমানের কোনোটিতেই বিস্ফোরক পাওয়া যায়নি।