ইরানে যুদ্ধ চালিয়ে যেতে চায় পিট হেগসেথ, অভিশংসনের হুমকিও প্রত্যাখ্যান

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘সাহসী ও ঐতিহাসিক উদ্যোগ’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে তাঁকে অভিশংসনের নতুন উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় হেগসেথ এসব কথা বলেন। তাঁকে অভিশংসনের প্রস্তাব নতুন করে উত্থাপনের উদ্যোগের মধ্যেই ভিডিওটি প্রকাশ করেন তিনি।

হেগসেথের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য দেশটিকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়া। তিনি এ অভিযানকে ‘সাহসী ও ঐতিহাসিক প্রচেষ্টা’ বলে বর্ণনা করেন।

নিজের বিরুদ্ধে আনা অভিশংসনের অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন নাটক’ বলে উড়িয়ে দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষরা ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বীদের ধ্বংস করার চেষ্টা করছে।

হেগসেথ বলেন, ‘এটি সবই ব্যক্তিগতভাবে ধ্বংস করার রাজনীতি। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই চেষ্টা সফল হয়নি, আমার ক্ষেত্রেও হবে না।’

রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি আগামী সপ্তাহে আইনপ্রণেতারা ওয়াশিংটনে ফিরলে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব পুনরায় উত্থাপনের পরিকল্পনা করছেন।

এদিকে আইনপ্রণেতাদের ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদনের আহ্বান জানিয়েছেন হেগসেথ। তিনি বলেন, ‘আমরা সব সময়, কোনো ধরনের ক্ষমা না চেয়ে, আমেরিকা ও যোদ্ধাদের স্বার্থকে সবার আগে রাখি।’

নিজের অবস্থান থেকে পিছু হটবেন না বলেও ঘোষণা দেন তিনি।