যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে ‘পাতানো’ বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে প্রগতিশীল রাজনীতিকদের সাফল্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি এ মন্তব্য করেন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি ট্রাম্প।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন কতটা অনিয়মপূর্ণ, তা মানুষের ধারণারও বাইরে। ইতিহাসের ধারাবাহিকতা বিবেচনায় নিলে ভবিষ্যতে পরিস্থিতি বিপর্যয়কর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে গণতান্ত্রিক সমাজতন্ত্রী নেতা নিথিয়া রমনের জয়ের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। তাঁর মতে, প্রগতিশীল নীতিগুলো কোনো শহর বা অঙ্গরাজ্যের জন্য বেশ কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে।
লস অ্যাঞ্জেলেসের নির্বাচনকে ‘অত্যন্ত লজ্জাজনক’ বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, রিয়েলিটি টিভি তারকা স্পেন্সার প্র্যাট নির্বাচনে জিতবেন বলে তাঁর ধারণা ছিল।
তবে জুনে অনুষ্ঠিত প্রাথমিক বাছাইপর্বেই বাদ পড়েন প্র্যাট। ওই নির্বাচনে অল্প ব্যবধানে তাঁকে হারিয়ে রানঅফ নির্বাচনে জায়গা করে নেন রমন। পরবর্তী লড়াইয়ে বর্তমান মেয়র কারেন বাসের মুখোমুখি হন তিনি।
ট্রাম্প অভিযোগ করেন, রমনকে জেতাতে প্রয়োজনীয় ভোট পরে খুঁজে বের করা হয়েছে। এর মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা ও ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। তবে এ অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। জুনে প্রাথমিক বাছাইপর্বে প্র্যাট বাদ পড়ার পরও একই ধরনের সন্দেহ প্রকাশ করেছিলেন ট্রাম্প।
এদিকে মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পর নতুন সংখ্যাগরিষ্ঠদের পাস করা আইনে ভেটো দেওয়ার ক্ষমতা নিজের রয়েছে বলে দাবি করে আসছেন ট্রাম্প।
সূত্র: আল-জাজিরা