মদিনা লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার নিন্দা মিসরের

সৌদি আরবের নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষায় রিয়াদের পদক্ষেপের প্রতি সমর্থন জানাল কায়রো

সৌদি আরবের পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার নিন্দা জানিয়েছে মিসর। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষায় রিয়াদ যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলোর প্রতি সমর্থন প্রকাশ করেছে দেশটি।

শুক্রবার (৬ নভেম্বর) মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মদিনাকে লক্ষ্য করে এ ধরনের হামলার চেষ্টা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। পাশাপাশি উত্তেজনা প্রশমন এবং শান্তি প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকেও এটি বাধাগ্রস্ত করে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সৌদি আরবের নিরাপত্তা মিসরের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার অবিচ্ছেদ্য অংশ। এ কারণে সৌদি আরবের নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষায় দেশটির নেওয়া পদক্ষেপের প্রতি কায়রোর সমর্থন রয়েছে।