পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে ইরানের সদস্যপদ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন দেশটির এক আইনপ্রণেতা। চুক্তিটি ইরানের জন্য নানা ব্যয় ও বিধিনিষেধ তৈরি করলেও সে অনুযায়ী সুফল পাওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) ইরানের আইনপ্রণেতা আলী আসগর নাখাইরাদ এ আহ্বান জানান।
তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রভাবাধীন থাকার অভিযোগ তোলেন। নাখাইরাদের দাবি, ইরান পরমাণু কর্মসূচি-সংক্রান্ত প্রতিশ্রুতি ও বাধ্যবাধকতা পূরণ করলেও বিনিময়ে প্রত্যাশিত সুবিধা পায়নি।
আইএইএ-এর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, সংস্থাটি ইরানের পরমাণুবিজ্ঞানী ও স্থাপনাসংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে সরবরাহ করেছে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেছেন কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
নাখাইরাদ জানান, এর আগে ইরানের ৭০ জনের বেশি আইনপ্রণেতা দেশটির পরমাণু নীতিতে পরিবর্তন আনার দাবিতে একটি প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন। তাঁর ভাষ্য, সেই আহ্বান এখনো বহাল রয়েছে।
তিনি স্পষ্ট করেন, এনপিটি থেকে বেরিয়ে আসার বিষয়টি পরমাণু নীতিতে পরিবর্তন আনার প্রশ্ন থেকে আলাদা। তাঁর মতে, চুক্তি থেকে সরে যাওয়ার অর্থ এই নয় যে ইরান পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের মধ্যে এই বক্তব্য নতুন করে দেশটির এনপিটি সদস্যপদ ও পরমাণু নীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা সামনে এনেছে।