ইরান যুদ্ধ চলতে থাকলে ২০২৮ সালে হোয়াইট হাউস হারাবে রিপাবলিকানরা

ইরানের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকলে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে পড়তে পারে রিপাবলিকান পার্টি। এমন মন্তব্য করেছেন কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মেহরান কামরাভা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের বড় জয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক শিবিরের পরাজয় ওয়াশিংটনের ইরাননীতি পরিবর্তনে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

আল-জাজিরাকে দেওয়া বক্তব্যে কামরাভা বলেন, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় ধরনের বিজয়ের পর রিপাবলিকানদের মধ্যে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উদ্বেগ বেড়েছে। তিনি বলেন, ‘এই যুদ্ধ চলতে থাকলে রিপাবলিকানরা হোয়াইট হাউস হারানোর প্রকৃত ঝুঁকিতে পড়বে। আমার ধারণা, যুদ্ধের কোনো না কোনোভাবে অবসান ঘটানোর নতুন তৎপরতার পেছনে এই আশঙ্কার বড় ভূমিকা রয়েছে।’

কামরাভার বিশ্লেষণ অনুযায়ী, ইরান যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও রিপাবলিকান পার্টির জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। তবে যুদ্ধের ভবিষ্যৎ এবং দলটির নির্বাচনী অবস্থানের ওপর এর প্রকৃত প্রভাব নির্ভর করবে আগামী দিনের পরিস্থিতির ওপর।