ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক বিধিমালা অমান্য করার দায়ে কানাডার আটটি প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ট্রেজারি বিভাগের এই পদক্ষেপের কারণে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো মার্কিন ডলারভিত্তিক বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা এসব প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং মার্কিন নাগরিকদের জন্য এদের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।

ওন্টারিও ও ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত এই প্রতিষ্ঠানগুলো মূলত যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে ইরানি সংস্থাকে গোপনে আর্থিক সুবিধা দিচ্ছিল।

নিষেধাজ্ঞার মুখে পড়া এই আটটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মিলিয়ন এক্সচেঞ্জ, ১৩৮۰۰৭৯ বিসি লিমিটেড এবং টপ পিসি টেকনিশিয়ান ইনক।

তালিকায় আরও রয়েছে এনআইএ নেশনস কারেন্সি লিমিটেড, ফারাহ এক্সচেঞ্জ, সিসিসি ইনক, বি গ্যালাক্সি ইনক এবং দরবেশ এক্সচেঞ্জ।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ইরানি সহযোগীদের অবৈধ আর্থিক কার্যক্রমে কানাডাকে নিরাপদ আশ্রয় বানাতে দেওয়া হবে না।

বিশ্বের যেকোনো প্রান্তে ইরানের গোপন অর্থনৈতিক নেটওয়ার্ক শনাক্ত করে তা চিরতরে গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিকে অবৈধ ক্রিপ্টো লেনদেন রোধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

সেশেলসভিত্তিক ক্রিপ্টো প্ল্যাটফর্ম 'এমইএক্সসি গ্লোবাল'-কে মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছে ফিনসেন।

ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়ার মতো নিষিদ্ধ দেশের হয়ে প্রায় ১৬ বিলিয়ন ডলারের অবৈধ ক্রিপ্টো লেনদেনে সহায়তার অভিযোগ রয়েছে এই প্ল্যাটফর্মটির বিরুদ্ধে।

সূত্র: রয়টার্স