ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের উত্তরাঞ্চলে অবস্থিত খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার পর আগুন ধরে গেছে। এতে গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি কুর্দি অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাতে চালানো এ হামলার জন্য কারা দায়ী, তা এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের সঙ্গে হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
আল-জাজিরার তথ্য যাচাইকারী সংস্থা সানাদ হামলার পর গ্যাসক্ষেত্রটির আশপাশে ধোঁয়া ও আগুনের শিখা ওঠার ভিডিও যাচাই করেছে। ইরাকের সরকারি সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামলার কারণে এরবিল, সুলায়মানিয়া, বাজিয়ান, চামচামাল ও দোহুক শহরের বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে বিদ্যুৎ উৎপাদন ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ মেগাওয়াট কমে গেছে।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতাল ও পানি শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে জলবিদ্যুৎকেন্দ্র এবং বিকল্প জ্বালানিতে পরিচালিত অন্যান্য বিদ্যুৎকেন্দ্র চালু করা হবে।
বাগদাদ থেকে আলজাজিরার প্রতিবেদক পিটার স্মিথ নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছেন, বিস্ফোরকবোঝাই একটি ড্রোন খোর মোর গ্যাসক্ষেত্রের গ্যাস সংরক্ষণ স্থাপনায় আঘাত হানে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশ কমে গেছে।
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়নে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় হামলার প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে কুর্দি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। আইএনএ এ তথ্য জানিয়েছে।
আঞ্চলিক উত্তেজনা বাড়ার মধ্যে এ হামলার ঘটনা ঘটল। গত বছরও একই গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা হয়েছিল। তবে ওই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।