দূষণে শীর্ষে বিশ্বের কোন দেশ ও শিল্প খাত?

জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় জড়ো হয়েছেন বিশ্বনেতা ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে এবারের সম্মেলন। এমন এক সময়ে তাঁরা বৈঠকে বসছেন, যখন বিশ্বে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ক্রমেই বাড়ছে।

ইউরোপীয় কমিশনের জয়েন্ট রিসার্চ সেন্টার (জেআরসি) এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে মোট ৫৪ দশমিক ১ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়েছে। ২০২৪ সালের তুলনায় এই পরিমাণ ০ দশমিক ৭ শতাংশ বেশি। আর ১৯৯০ সালের তুলনায় বেড়েছে ৬৮ দশমিক ৫ শতাংশ।

জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্যাস, সবচেয়ে বেশি নিঃসরণকারী দেশ ও শিল্প খাত এবং সময়ের সঙ্গে নিঃসরণের পরিবর্তনের চিত্র তুলে ধরেছে আল জাজিরা।

কোন গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা বাড়াচ্ছে?

২০২৫ সালে বিশ্বে মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ৭৩ দশমিক ৮ শতাংশ ছিল কার্বন ডাই-অক্সাইড (CO2)। কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে মূলত এই গ্যাস তৈরি হয়। অন্যদিকে, বন উজাড়ের কারণে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করার মতো গাছের সংখ্যা কমে যায়।

ওই বছর মোট নিঃসরণের ১৭ দশমিক ৬ শতাংশ ছিল মিথেন (CH4)। এ ছাড়া নাইট্রাস অক্সাইড (N2O) ছিল ৫ দশমিক ৩ শতাংশ এবং ফ্লুরিনযুক্ত গ্যাস বা এফ-গ্যাসের পরিমাণ ছিল ৩ দশমিক ৩ শতাংশ।

জেআরসির তথ্য অনুযায়ী, ১৯৯০ সালের পর থেকে বিশ্বে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ বেড়েছে ৭৬ দশমিক ৩ শতাংশ।

পৃথিবীর উষ্ণতা বাড়ায় কী ধরনের প্রভাব পড়ছে?

বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে এসব গ্যাস তাপ আটকে রাখে। ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পৃথিবীর সমুদ্রগুলোতে সঞ্চিত তাপের পরিমাণ রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত দুই দশকে সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির গতিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, ২০২৬ সালে চরম আবহাওয়ার কারণে বিশ্বজুড়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

ইউরোপে মে থেকে আগস্টের মধ্যে তাপপ্রবাহ, খরা ও দাবানলের কারণে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু ফ্রান্সেই নিরাপত্তার কারণে ২ লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়।

২৬ আগস্ট হিমালয় অঞ্চলে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় চীন সীমান্তসংলগ্ন নেপাল অংশে ১ হাজার ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৫ হাজার ৬০০ জন এখনো নিখোঁজ রয়েছেন।

জুন ও জুলাইয়ে ঘূর্ণিঝড় বাভির কারণে চীনে ৩০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। একই সময়ে ফিলিপাইনে প্রাণ হারান ২৬ জন। কয়েক সপ্তাহ পর প্রবল গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মাইসাকের আঘাতে চীনে ১৭১ জনের মৃত্যু হয় এবং ৩০০ কোটি ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়।

বছরের শুরুর দিকে পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলে বন্যা ও ঝড়ের কারণে মরক্কোর ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। অন্যদিকে, উত্তর আমেরিকায় তীব্র শীত ও তুষারপাতের কারণে ১৭৪ জনের মৃত্যু হয়।

বিশ্বের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ আসে কোন কোন খাত থেকে?

জেআরসির তথ্য অনুযায়ী, ১৯৭০ সালে বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ ছিল প্রায় ২৩ বিলিয়ন টন। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ দশমিক ১ বিলিয়ন টনে। অর্থাৎ, এই সময়ে নিঃসরণ দ্বিগুণেরও বেশি হয়েছে।

বিশ্বে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে বিদ্যুৎ উৎপাদন খাত। ২০২৫ সালে মোট নিঃসরণের প্রায় ৩০ শতাংশ এসেছে এ খাত থেকে। ১৯৭০ সালের তুলনায় বিদ্যুৎ উৎপাদন খাতের নিঃসরণ প্রায় চার গুণ বেড়েছে। চীন ও ভারতের মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে শিল্প খাত। উৎপাদন ও খনিশিল্পসহ এ খাত থেকে ২০২৫ সালে মোট নিঃসরণের ২১ শতাংশ এসেছে। কারখানায় জ্বালানি পোড়ানোর পাশাপাশি সিমেন্ট, ধাতু ও রাসায়নিক পণ্য তৈরির সময়ও গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। ২০০০-এর দশকে চীনের উৎপাদনশিল্প দ্রুত সম্প্রসারিত হওয়ায় এ খাতের নিঃসরণও উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।

তৃতীয় অবস্থানে রয়েছে পরিবহন খাত। ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী জাহাজ ও উড়োজাহাজসহ এ খাত থেকে বিশ্বে মোট নিঃসরণের ১৬ শতাংশ আসে।

এই তিন খাত মিলেই বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রায় দুই-তৃতীয়াংশের জন্য দায়ী। বাকি নিঃসরণের মধ্যে কৃষি খাতের অবদান ১২ শতাংশ, কয়লা-তেল-গ্যাস উত্তোলন খাতের ১১ শতাংশ, ভবন খাতের ৬ দশমিক ৬ শতাংশ এবং বর্জ্য খাতের ৩ দশমিক ৬ শতাংশ।

১৯৭০ সালের পর থেকে বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ মাত্র কয়েকবার কমেছে। ১৯৮০-এর দশকের শুরুর দিকে, ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর এবং ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় নিঃসরণ কমেছিল। তবে প্রতিবারই পরবর্তী সময়ে তা আবার বেড়েছে।

সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে কোন দেশ?

২০২৫ সালে বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রায় অর্ধেক এসেছে শীর্ষ তিন দেশ থেকে। এর মধ্যে চীনের নিঃসরণ ছিল প্রায় ১৬ বিলিয়ন টন, যা বৈশ্বিক নিঃসরণের ২৯ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্র ৬ দশমিক ০২ বিলিয়ন টন বা ১১ দশমিক ১ শতাংশ এবং ভারত ৪ দশমিক ৫১ বিলিয়ন টন বা ৮ দশমিক ৩ শতাংশ নিঃসরণ করেছে।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ সম্মিলিতভাবে বিশ্বের মোট নিঃসরণের ৫ দশমিক ৮ শতাংশের জন্য দায়ী। রাশিয়ার অবদান ৪ দশমিক ৮ শতাংশ, ইন্দোনেশিয়ার ২ দশমিক ৫ শতাংশ, ব্রাজিলের ২ দশমিক ৪ শতাংশ এবং ইরানের ২ দশমিক ১ শতাংশ।

কোনো একক দেশের হিসাবের মধ্যে পড়ে না এমন আন্তর্জাতিক নৌপরিবহন ও বিমান চলাচল খাত মিলিয়ে বৈশ্বিক নিঃসরণের ২ দশমিক ৬ শতাংশ তৈরি করে। অধিকাংশ দেশের তুলনায় এই দুই খাতের সম্মিলিত নিঃসরণ বেশি।

তবে সব সময় চীন ও ভারতই শীর্ষ নিঃসরণকারী দেশ ছিল না। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর শিল্পবিপ্লবের সময় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশগুলোতে কারখানা ও ব্যাপক উৎপাদনশিল্প গড়ে ওঠায় সেখানে নিঃসরণ দ্রুত বাড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ আরও দ্রুত বাড়তে শুরু করে। ১৯৭০ সালের পর তা দ্বিগুণেরও বেশি হয়েছে।

২০০০-এর দশকের শুরুর দিকে চীনের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হওয়ার সঙ্গে দেশটির নিঃসরণও বেড়ে যায়। দশকের মাঝামাঝি সময়ে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশে পরিণত হয়।

তবে দীর্ঘ সময়ের মোট নিঃসরণ হিসাব করলে চিত্রটি ভিন্ন। গ্লোবাল কার্বন বাজেটের তথ্য অনুযায়ী, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত বিশ্বের মোট কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের ২৩ দশমিক ৫ শতাংশের জন্য দায়ী যুক্তরাষ্ট্র। একই সময়ে চীনের অবদান ১৫ দশমিক ৪ শতাংশ।

কোন দেশের কোন খাত থেকে সবচেয়ে বেশি নিঃসরণ হয়?

চীনে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের সবচেয়ে বড় উৎস বিদ্যুৎ উৎপাদন খাত। দেশটির প্রায় ১৬ বিলিয়ন টন মোট নিঃসরণের ৪২ শতাংশ আসে এ খাত থেকে। শিল্প খাতের অবদান ৩১ শতাংশ এবং জ্বালানি উৎপাদন খাতের ৯ দশমিক ৫ শতাংশ।

২০২৫ সালের সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রথমবারের মতো ২০৩৫ সালের মধ্যে দেশের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ সর্বোচ্চ পর্যায় থেকে ৭ থেকে ১০ শতাংশ কমানোর অঙ্গীকার করেন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয় পরিবহন খাত থেকে। দেশটির মোট নিঃসরণের ২৯ শতাংশ আসে এ খাত থেকে, যার বড় অংশের জন্য দায়ী ব্যক্তিগত গাড়ি ও ট্রাক। বিদ্যুৎ উৎপাদন খাতের অবদান ২৬ শতাংশ এবং শিল্প খাতের ১৪ শতাংশ।

অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদনে এখনো কয়লার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ভারত। দেশটির মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ৩৫ শতাংশ আসে বিদ্যুৎ উৎপাদন খাত থেকে। এরপর রয়েছে শিল্প খাত, যার অবদান ২৪ শতাংশ এবং কৃষি খাতের অবদান ১৯ শতাংশ।

সূত্র: আল-জাজিরা