উৎসবে মিষ্টির বদলে কর্মীদের টাকার বান্ডিল উপহার দিলেন মালিক

ভারতে দীপাবলি উৎসবে কর্মীদের বোনাস হিসেবে সাধারণত অতিরিক্ত বেতন, মিষ্টি কিংবা শুকনো ফলের প্যাকেট দেন অনেক প্রতিষ্ঠানমালিক। তবে এবার ব্যতিক্রমী উপহার দিয়ে আলোচনায় এসেছেন গুজরাটের সুরাটের এক বস্ত্র ব্যবসায়ী।

দীপাবলি উপলক্ষে নিজের প্রতিষ্ঠানের ২০ কর্মীকে এক লাখ রুপির বেশি করে নগদ অর্থ উপহার দিয়েছেন ব্যবসায়ী রামস্বরূপ মুন্ডে। প্রচলিত বোনাসের বাইরে তার এই উপহার কর্মীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। উপহার দেওয়ার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কর্মীদের জন্য সাজানো বিশেষ ট্রেতে টাকার বান্ডিল নিয়ে হাজির হয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

রুপালি থালায় সাজানো টাকার বান্ডিল

কর্মীদের হাতে খাম ধরিয়ে দেওয়া কিংবা ব্যাংক হিসাবে বোনাস পাঠানোর পরিবর্তে মুন্ডে বেছে নেন ভিন্ন পদ্ধতি। তিনি রুপালি রঙের বিশেষ পূজার থালায় সাজিয়ে রাখেন নতুন নোটের বান্ডিল। এসব বান্ডিলে ছিল ১০ থেকে ৫০০ রুপির বিভিন্ন মূল্যমানের নোট। এরপর একে একে প্রত্যেক কর্মীর হাতে তুলে দেওয়া হয় সেই অর্থ।

উপহার পেয়ে আবেগাপ্লুত কর্মীরা

হঠাৎ এমন উপহার পেয়ে অনেক কর্মীই বিস্মিত হয়ে যান। কেউ কেউ আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন। কয়েকজনকে কাঁদতেও দেখা যায় ভিডিওতে। কর্মীদের সেই প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাজারো মন্তব্য এসেছে। অনেকে ব্যবসায়ীর এমন উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, উৎসবের সময় কর্মীদের পাশে দাঁড়ানোর এটি একটি প্রশংসনীয় উদাহরণ। কেউ কেউ আবার মজা করে জানতে চেয়েছেন, ওই প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার উপায় কী!

সূত্র: ইন্ডিয়া টুডে