সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র এবং দেশটির দক্ষিণাঞ্চল অভিমুখে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবারের এসব হামলার জন্য ইরান-সমর্থিত হুথিদের দায়ী করেছে জোটটি।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া কয়েকটি পোস্টে জানান, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠিয়ে আকাশপথে হামলার আশঙ্কায় নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। পরে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বার্তায় জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।
তবে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হুথিরা।
ইয়েমেনে হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘাত চলার মধ্যেই সৌদি আরবে একের পর এক হামলার ঘটনা ঘটছে। রিয়াদ-সমর্থিত ইয়েমেন সরকারকে সামরিক সহায়তা দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনরুদ্ধারে সরকারি বাহিনীর অভিযানে বিমান হামলাও চালিয়েছে জোটটি।
অন্যদিকে, হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের তেল অবকাঠামো, শোধনাগার ও তেল সংরক্ষণাগারগুলোতে বারবার হামলা চালিয়েছে।
সোমবার মদিনা অঞ্চলে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএকে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলায় পাইপলাইনে সীমিত পরিসরে আগুন লাগে। পরে তা নিভিয়ে ফেলা হয়। তবে পাইপলাইনের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানান তিনি।
এ ঘটনায় কেউ হতাহত হননি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পর হরমুজ প্রণালিতে তেহরানের বিধিনিষেধের কারণে সৌদি আরবের তেল রপ্তানির জন্য ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট বাড়ার মধ্যে পাইপলাইনটি কয়েক দফা হামলার শিকার হয়েছে।
এর আগে রোববার সৌদি আরবের ব্যবসায়িক কেন্দ্র রিয়াদে হামলা চালানোর দাবি করে হুথিরা। সৌদি কর্মকর্তারা জানান, ওই হামলার চেষ্টার সময় আকাশ থেকে পড়ে আসা ধ্বংসাবশেষে আরামকো টাওয়ার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশিত ছবিতে রিয়াদ অঞ্চলের উপ-গভর্নরসহ কয়েকজন কর্মকর্তাকে ভবনটি পরিদর্শন করতে দেখা যায়। ছবিতে ভবনটির কয়েকটি তলায় ক্ষয়ক্ষতির চিহ্নও দেখা গেছে।
সূত্র: আল-জাজিরা