ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের আরএএফ মিলডেনহল ঘাঁটিতে থাকা দুটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং ট্যাঙ্কার) সোমবার সকালে জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। পরে একই দিন ওই ঘাঁটিতে থাকা আরও কয়েকটি ট্যাঙ্কার জার্মানি ও অন্যান্য স্থানে স্থানান্তর করা হয়।
এর কয়েক সপ্তাহ আগে ইরান-সংশ্লিষ্ট বলে সন্দেহ করা একটি নিরাপত্তা ঘটনার পর যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল। এবার মিলডেনহল থেকেও বিমান সরানোর ঘটনায় যুক্তরাজ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
নিয়মিত সামরিক কার্যক্রমের কথা বলছে যুক্তরাজ্য
বিমান সরানোর বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ‘আমরা সাধারণত অন্য দেশের সামরিক কার্যক্রম নিয়ে মন্তব্য করি না। পরিচালনাগত প্রয়োজন অনুযায়ী বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়মিতই বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়।’
তবে ইরানের পক্ষ থেকে নির্দিষ্ট কী ধরনের হুমকি এসেছে, কিংবা বিমান সরানোর সিদ্ধান্তের পেছনে সেটিই সরাসরি কারণ কি না—এ বিষয়ে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।