ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প এখন প্রায় পুরোপুরি দেশীয় প্রযুক্তি, কাঁচামাল ও উৎপাদন সক্ষমতার ওপর নির্ভরশীল বলে দাবি করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা।
ব্রিগেডিয়ার জেনারেল আলী বিলালি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প এখন ‘পারস্যের কার্পেটের চেয়েও বেশি দেশীয়’। ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
বিলালির দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প এমন পরিপক্বতা অর্জন করেছে যে বিদেশি সরবরাহের ওপর নির্ভর না করেই দেশীয় সক্ষমতা ব্যবহার করে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব।
তিনি আরও বলেন, কঠিন ও তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত কাঁচামাল দেশেই সংগ্রহ ও প্রক্রিয়াজাত করা হচ্ছে। ইরানের খনিজ সম্পদ এবং পেট্রোলিয়ামজাত উপাদান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে ক্ষেপণাস্ত্র উৎপাদনে বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা কমেছে বলে দাবি করেন তিনি।
তবে ইরানের এই স্বনির্ভরতার দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা উৎপাদনসংক্রান্ত পরিসংখ্যান বা বিস্তারিত কারিগরি তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।