বৈজ্ঞানিক বর্ণবৈষম্য কেবল বিশ্ববিদ্যালয় বা বিজ্ঞানীদের পারস্পরিক সম্পর্কের বিষয় নয়; বরং এর শিকড় আন্তর্জাতিক ব্যবস্থার ক্ষমতার ভারসাম্য এবং বিজ্ঞান ও প্রযুক্তির সুযোগ-সুবিধা বণ্টনের বৈষম্যের মধ্যে নিহিত; এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘নতুন বৈশ্বিক ব্যবস্থায় বিজ্ঞান ও প্রযুক্তিতে ন্যায়বিচার’ প্রতিপাদ্যে আয়োজিত বৈজ্ঞানিক বর্ণবৈষম্যবিরোধী বৈশ্বিক জোটের পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে পাঠানো এক বার্তায় তিনি এবিষয়ে আলোকপাত করেন।
ভেলায়াতি বলেন, আন্তর্জাতিক ব্যবস্থায় ক্ষমতার সম্পর্কই নির্ধারণ করে বিজ্ঞান ও প্রযুক্তির সুযোগ কারা কতটা পাবে। তিনি বলেন, নিষেধাজ্ঞা ও যুদ্ধের মধ্যেও ইরানের বিজ্ঞানী, গবেষক এবং তরুণেরা তাদের বৈজ্ঞানিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। প্রতিকূল পরিস্থিতি তাদের গবেষণা ও জ্ঞানচর্চা থামিয়ে দিতে পারেনি।
জ্ঞানচর্চায় ইসলামের গুরুত্ব
ভেলায়াতির বক্তব্যে ইসলাম ও বিজ্ঞানচর্চার সম্পর্কও গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, জ্ঞান অর্জন, বিদ্যাচর্চা ও গভীর চিন্তার ওপর ইসলামের মতো এত বেশি গুরুত্ব অন্য কোনো ধর্মে দেওয়া হয়নি। ধর্ম ও বিজ্ঞানকে পরস্পরবিরোধী হিসেবে দেখার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, ইসলামের ধর্মীয় উৎস ও ইতিহাসে বিজ্ঞানবিরোধিতার কোনো চিহ্ন নেই।
বিজ্ঞানে ইরান ও মুসলিম বিশ্বের অবদান
ভেলায়াতির দাবি, ইরান ও ইসলামী সভ্যতার বৈজ্ঞানিক ঐতিহ্যের ওপর দাঁড়িয়েই আধুনিক বিজ্ঞানের অনেক অগ্রগতি হয়েছে। বীজগণিত, ত্রিকোণমিতি ও জ্যোতির্বিজ্ঞানের মতো শাস্ত্রের বিকাশে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য, প্রাচ্য থেকে পাশ্চাত্যে জ্ঞান-বিজ্ঞানের বিস্তার ঘটেছে এবং পশ্চিমা বিশ্বের বর্তমান বৈজ্ঞানিক অগ্রগতির ভিত্তি নির্মাণে প্রাচ্য, বিশেষ করে ইরানের অবদান রয়েছে। ভেলায়াতির এই বক্তব্যে বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবস্থায় সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি ইসলামী সভ্যতার ঐতিহাসিক অবদানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান উঠে এসেছে।