নিউইয়র্ক টাইমস

ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজ বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে উঠেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মঙ্গলবার (১০ নভেম্বর) তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন কর্মকর্তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা আরও অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। বেসেন্টের বিরুদ্ধে হুমকি-সংক্রান্ত গোয়েন্দা তথ্যও এ মূল্যায়নের অন্যতম ভিত্তি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গত আগস্ট থেকে ইরানকে আর্থিকভাবে বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করছেন বেসেন্ট। তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং বাণিজ্যপথে বিধিনিষেধ জোরদারের মাধ্যমে দেশটির অর্থনীতির ওপর চাপ তৈরির উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ কারণে ইরানের পক্ষ থেকে তিনি হুমকির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে সূত্রগুলো জানিয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘ইরানি সরকারের হুমকিতে বেসেন্ট দমে যাবেন না।’ তিনি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ প্রয়োগের কর্মসূচি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ওই মুখপাত্র।

তবে বেসেন্টের বিরুদ্ধে হুমকির মাত্রা কতটা গুরুতর, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা ইরানের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে লক্ষ্য করে দেওয়া হুমকিকে গুরুতর হিসেবে বিবেচনা করছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মধ্যেও ইরানের নেতৃত্ব ক্ষমতা ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এ কারণে কেবল অর্থনৈতিক সংকট তৈরি করেই ইরানে ক্ষমতার পরিবর্তন ঘটানো সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

ওয়াশিংটনের নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক বিধিনিষেধের লক্ষ্য ইরানের অর্থনৈতিক সক্ষমতা সীমিত করা। তবে মার্কিন গোয়েন্দা মূল্যায়নের এই তথ্য ইঙ্গিত দিচ্ছে, অর্থনৈতিক চাপের প্রভাব এবং ইরানের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতা ধরে রাখার সংকল্প—দুটি বিষয় আলাদাভাবে বিবেচনা করতে হচ্ছে।

এদিকে বেসেন্টের নিরাপত্তার জন্য সামরিক ঘাঁটিতে স্থানান্তরের খবর এমন এক সময়ে সামনে এল, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তাগত উত্তেজনা অব্যাহত রয়েছে।