ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও গুলিতে এক বাবা ও তাঁর ১৩ বছর বয়সী ছেলেসহ অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) গাজা সিটির দারাজ এলাকায় ঘুবেইন পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হন। একই শহরের জেইতুন এলাকায় একটি তাঁবুতে পৃথক বিমান হামলায় প্রাণ হারান এক বাবা ও তাঁর ১৩ বছর বয়সী ছেলে। এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন এক ব্যক্তি।
পরে মঙ্গলবার গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও দুজন নিহত হওয়ার খবর জানায় ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। সব মিলিয়ে হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।
গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি হামলার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগেও বিপর্যস্ত গাজার বাস্তুচ্যুত মানুষ। সপ্তাহান্তে মৌসুমের প্রথম শক্তিশালী ঝড়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০ লাখ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের অভিযোগ, ইসরায়েল ৬০ হাজার মোবাইল ঘর ও ২ লাখ তাঁবু প্রবেশে বাধা দিচ্ছে। এখন পর্যন্ত মাত্র ২০ হাজার তাঁবু প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। অথচ যুদ্ধের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রবেশেও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনায়ও অগ্রগতি নেই। হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে আলোচকেরা এখনো সমঝোতায় পৌঁছাতে পারেননি।
বর্তমানে ইসরায়েলি বাহিনী গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। ওই অঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফলে একদিকে ইসরায়েলি হামলা, অন্যদিকে বাস্তুচ্যুতি, মানবিক সহায়তার সংকট ও ঝড়ের ক্ষয়ক্ষতি—সব মিলিয়ে গাজার সাধারণ মানুষের দুর্ভোগ আরও গভীর হচ্ছে।