আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপ হিসেবে আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে তেহরান।

বুধবার (১১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করে আর্জেন্টিনা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করেছে এবং দেশটির বিরুদ্ধে বৈরী পদক্ষেপ নিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পারস্পরিক পদক্ষেপ গ্রহণের নীতি অনুসরণ করে এবং ২০১৯ সালের একটি আইনের আওতায় আর্জেন্টিনার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আইনে বলা হয়েছে, যেসব দেশ কোনোভাবে যুক্তরাষ্ট্রের আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণার সিদ্ধান্ত অনুসরণ বা সমর্থন করবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এ সিদ্ধান্তের ফলে যেকোনো ধরনের পরিণতির দায় আর্জেন্টিনা সরকারকেই বহন করতে হবে।

গত মার্চের শেষ দিকে আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে আর্জেন্টিনা। দেশটির এ সিদ্ধান্তকে দ্রুত স্বাগত জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। আর্জেন্টিনা জানিয়েছিল, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে আইআরজিসির সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৯৯৪ সালে বুয়েনস এইরেসে ইহুদি সম্প্রদায়ের এএমআইএ (AMIA) কেন্দ্রে বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে আসছে আর্জেন্টিনা। ওই হামলায় ৮৫ জন নিহত হয়েছিলেন।

আর্জেন্টিনার সিদ্ধান্তের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকার এ পদক্ষেপ নিতে বুয়েনস এইরেসকে প্ররোচিত করেছে। তেহরান তখন একে ‘কৌশলগত ভুল এবং ইরানি জাতির প্রতি ক্ষমার অযোগ্য অপমান’ বলে অভিহিত করেছিল।

সূত্র: আল-জাজিরা