যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাধা ‘আস্থার সংকট’: গালিবাফ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পথে সবচেয়ে বড় বাধা পারস্পরিক আস্থার অভাব বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় আর কখনো ফিরবে না কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ এসব কথা বলেন।

তিনি জানান, ইরানের সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই জলপথের তদারকি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে। আট মাস ধরে চলা সংঘাতের অবসানে তেহরানের প্রস্তাবের মধ্যে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও তদারকির বিষয়টিও রয়েছে।

গালিবাফের বক্তব্য অনুযায়ী, যুদ্ধের আগের মতো হরমুজ প্রণালির অবস্থা আর থাকবে না। তবে ইরান ও ওমানের মধ্যে হওয়া সমঝোতার বিস্তারিত কাঠামো, তদারকির পদ্ধতি কিংবা এতে অন্য কোনো দেশের ভূমিকা থাকবে কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে আস্থার সংকটের বিষয়টি তুলে ধরে গালিবাফের বক্তব্যে স্পষ্ট হয়েছে, হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং ইরানের সাত দফা প্রস্তাব সম্ভাব্য সমঝোতার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।