ক্যারিয়ারের শুরুতে ঘণ্টায় মাত্র ১০ ডলার মজুরিতে পরীক্ষাগারের সরঞ্জাম পরিষ্কারের কাজ করতেন জেক লিচ। সেই সাধারণ কাজ থেকেই শুরু হয়েছিল তাঁর পথচলা। প্রায় তিন দশক পর এখন তিনি প্রায় ৩০ বিলিয়ন ডলার মূল্যমানের স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেক্সকমের (Dexcom) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
তরুণ প্রজন্মের কর্মজীবীদের জন্য তাঁর পরামর্শ—শুধু পদোন্নতির পেছনে ছুটলে হবে না; দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এবং প্রতিষ্ঠানের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে।
ফরচুন ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, নব্বইয়ের দশকে ক্যালিফোর্নিয়ার ইনসুলিন পাম্প প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিনিমেডে (MiniMed) কাজ শুরু করেন লিচ। তাঁর কাজ ছিল পরীক্ষাগারের বীকার, ফ্লাস্কসহ বিভিন্ন সরঞ্জাম পরিষ্কার করা। ঘণ্টাপ্রতি ১০ ডলারের এই চাকরি তিনি নিয়েছিলেন কমিউনিটি কলেজে পড়াশোনার খরচ জোগাতে।
ক্যালিফোর্নিয়ার সান ফার্নান্দো ভ্যালিতে বেড়ে ওঠা লিচের পরিবারে আর্থিক স্বচ্ছলতা ছিল না। ছোটবেলায় সাইকেল কেনার জন্য প্রতিটি দুটি ডলারে গাড়ি ধোয়ার কাজও করেছেন তিনি। তাঁর নানাও তাঁকে বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত ও ঘরের নানা কাজের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেখান থেকেই প্রযুক্তি ও প্রকৌশলের প্রতি আগ্রহ তৈরি হয়।
প্রথমে গ্লেনডেল কমিউনিটি কলেজে পড়াশোনা করেন লিচ। পরে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে (ইউসিএলএ) ভর্তি হয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন। পাশাপাশি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন। পরিবারের মধ্যে তিনিই প্রথম চার বছর মেয়াদি বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জন করেন।
মিনিমেডে সাত বছর কাজ করেন লিচ। ২০০১ সালে প্রতিষ্ঠানটি মেডট্রনিকের (Medtronic) অধিগ্রহণে চলে যায়। এর তিন বছর পর, ২০০৪ সালে তিনি যোগ দেন ডেক্সকমে। তখন প্রতিষ্ঠানটি ছিল প্রায় ৩০ কর্মীর একটি স্টার্টআপ, যারা ডায়াবেটিস ব্যবস্থাপনা প্রযুক্তির বাজারে প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে চাইছিল।
ফরচুনের প্রতিবেদনে বলা হয়েছে, ডেক্সকমে যোগ দেওয়ার সময় তাঁর বেতন ৪৫ হাজার ডলার থেকে বেড়ে ৯৫ হাজার ডলার হয়েছিল। তবে বেতনের পাশাপাশি নতুন প্রতিষ্ঠানের বিকাশে সরাসরি ভূমিকা রাখার সুযোগও তাঁকে আকৃষ্ট করেছিল।
ধীরে ধীরে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান লিচ। ২০১৮ সালে প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও), ২০২২ সালে প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হন। ২০২৬ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইওর দায়িত্ব গ্রহণ করেন।
২০২৫ সালে ডেক্সকমের বার্ষিক আয় ছিল ৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির ব্যবহারকারী প্রায় ৩৫ লাখ এবং পূর্ণকালীন কর্মী প্রায় ১১ হাজার।
বড় প্রতিষ্ঠানের শীর্ষ পদে পৌঁছেও লিচের দাবি, তিনি কখনো পদোন্নতিকে ক্যারিয়ারের প্রধান লক্ষ্য হিসেবে দেখেননি। বরং যে দায়িত্ব পেয়েছেন, সেটি ভালোভাবে পালন, গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান এবং সহকর্মীদের কাছ থেকে শেখার ওপর গুরুত্ব দিয়েছেন।
ফরচুনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডেক্সকমে ২২ বছরের কর্মজীবনে তিনি কখনো সরাসরি পদোন্নতি চাননি।
তরুণ কর্মজীবীদের উদ্দেশে তাঁর পরামর্শ, নিজের নির্ধারিত দায়িত্বের বাইরেও কাজের সুযোগ খুঁজতে হবে। বিশেষ করে যেসব দায়িত্ব নিতে অন্য সহকর্মীরা আগ্রহী নন, সেগুলো স্বেচ্ছায় গ্রহণ করার মানসিকতা থাকতে হবে।
লিচ মনে করেন, একজন কর্মীর শুধু নিজের লক্ষ্য পূরণ করলেই চলবে না; প্রতিষ্ঠানের সামগ্রিক স্বার্থের কথাও ভাবতে হবে। নিজের কাজের গণ্ডি পেরিয়ে নতুন দায়িত্ব নেওয়া এবং সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া কর্মজীবনে এগিয়ে যেতে সহায়তা করে।
তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা বলছে, সাফল্যের জন্য সব সময় অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠান বা শুরুতেই উচ্চ বেতনের চাকরি প্রয়োজন হয় না। বরং শেখার আগ্রহ, পরিশ্রম, দায়িত্ববোধ এবং কঠিন কাজ গ্রহণের মানসিকতা একজন কর্মীকে দীর্ঘ পথ পাড়ি দিতে সাহায্য করতে পারে।