হুমকি কিংবা নিষেধাজ্ঞা—কোনো কিছুতেই ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধ হবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি।
মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বার্তায় ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মোকাদ্দামের প্রতি শ্রদ্ধা জানান ওয়াহিদি।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ একই চেতনা নিয়ে আপনারা পাহাড়ের গভীরে এবং ভূগর্ভস্থ স্থাপনায় দেশের শক্তি গড়ে তুলছেন।’
ওয়াহিদি আরও বলেন, ‘শত্রুদের বুঝতে হবে, শহীদ তেহরানি মোকাদ্দামের পথ হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে থামানো যাবে না। রক্ত ও বিশ্বাসের মধ্য দিয়ে এই পথ চলতে থাকবে।’
বার্তায় আইআরজিসির সাবেক অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির প্রতিও শ্রদ্ধা জানান তিনি। একই সঙ্গে সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সদস্যদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ওয়াহিদির বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর নীতি থেকে সরে আসার পরিকল্পনা নেই তেহরানের।