ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক অভিযানে লেবাননের কৃষি, বিশেষ করে গম উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দক্ষিণ লেবানন ও পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় যুদ্ধের কারণে বিপুল কৃষিজমি অনাবাদি পড়ে আছে। এতে শুধু খাদ্য উৎপাদন নয়, কৃষকদের জীবন-জীবিকাও হুমকির মুখে পড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলা হয়েছে, যুদ্ধের প্রভাবে গম চাষের জমি পরিত্যক্ত থাকার হার ৯ শতাংশ থেকে বেড়ে প্রায় ২৪ শতাংশে পৌঁছেছে।
লেবাননের পরিবেশ ও যুদ্ধবিষয়ক গবেষক এবং A Landscape of War: Ecologies of Resistance and Survival in South Lebanon বইয়ের লেখক মুনিরা খায়াত আলজাজিরাকে বলেন, ইসরায়েলের হামলা পুরো বাস্তুতন্ত্রকে বিপর্যস্ত করছে। এতে খরা ও মরুকরণের ঝুঁকি বাড়ছে এবং জমির প্রাণ ধারণের সক্ষমতা দুর্বল হয়ে পড়ছে।
লেবাননের ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্টিফিক রিসার্চের (সিএনআরএস-এল) গবেষক মারিয়াম ইব্রাহিমের ‘Wheat in Crisis’ শীর্ষক গবেষণায় ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশটির গম উৎপাদনের পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে গম চাষের জমি ২০২৩-২৪ মৌসুমে গড়ে ৪৭ শতাংশ এবং ২০২৪-২৫ মৌসুমে ৬১ শতাংশ কমেছে। দেশটির মোট গম উৎপাদনের প্রায় ৬৪ শতাংশ আসে বেকা উপত্যকা থেকে। সেখানেও সংশ্লিষ্ট দুই মৌসুমে গম চাষের জমি যথাক্রমে প্রায় ৪৩ ও ৫৭ শতাংশ কমেছে।
সীমান্তবর্তী বিনত জবেইল এলাকায় কৃষিজমির শতভাগ ধ্বংস হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। পূর্বাঞ্চলের বালবেক জেলায় ধ্বংস হয়েছে প্রায় ৩২ শতাংশ কৃষিজমি।
২০২৩ সাল থেকে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা চলছে। এসব হামলায় সাদা ফসফরাসের মতো রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও রয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে কৃষিজমির উর্বরতা ও পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে।
২০২৪ সালে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও লেবাননে ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২ মার্চ সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে আবারও অভিযান চালায় এবং দেশটির ভেতরে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়।
এ সময় বসতবাড়ি, অবকাঠামো ও কৃষিজমি ধ্বংসের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈরুত ও তেল আবিবের মধ্যে একটি কাঠামোগত চুক্তি হলেও দক্ষিণাঞ্চলে ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকার অভিযোগ রয়েছে।
লেবাননের খাদ্যনিরাপত্তা বিশেষজ্ঞ এলিয়াস ঘাদবান বলেন, গম চাষের জমি ধ্বংসের প্রভাব জাতীয় পর্যায়ে উৎপাদনে এখনো বড় পরিবর্তন না আনলেও দক্ষিণাঞ্চলের কৃষকদের জীবনে ভয়াবহ প্রভাব ফেলেছে। অনেক কৃষক তাঁদের জীবিকার প্রধান অবলম্বন হারিয়েছেন।
তিনি আরও বলেন, লেবাননে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু মানুষের আয় সেই অনুপাতে বাড়েনি। ফলে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার চাপও বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ অর্থনৈতিক সংকটের পর কয়েক বছরের যুদ্ধ লেবাননের ক্ষুদ্র কৃষকদের আরও বিপর্যস্ত করেছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের অনেক কৃষি খামার আধুনিক শিল্পভিত্তিক নয়; পারিবারিক শ্রম ও স্থানীয় উৎপাদনের ওপর নির্ভরশীল। জমি ও অবকাঠামো ধ্বংস হওয়ায় যুদ্ধ শেষ হলেও এসব কৃষকের পক্ষে আগের অবস্থায় ফিরে যাওয়া কঠিন হতে পারে।
মুনিরা খায়াতের আশঙ্কা, দক্ষিণ লেবাননের যেসব ক্ষুদ্র কৃষক চাষাবাদ ও জমির সঙ্গে গভীর সম্পর্কের মাধ্যমে নিজেদের জীবন-জীবিকা টিকিয়ে রেখেছেন, যুদ্ধ তাঁদের সেই ভিত্তিই ভেঙে দিচ্ছে।
লেবাননের গম উৎপাদনের এই সংকট তাই কেবল কৃষি খাতের ক্ষতি নয়; এটি খাদ্যনিরাপত্তা, পরিবেশ, গ্রামীণ অর্থনীতি এবং মানুষের নিজভূমিতে টিকে থাকার সক্ষমতার ওপরও দীর্ঘমেয়াদি আঘাত।