নিউইয়র্কে ভবন ধস, নিহত ২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকার একটি আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত ভবনটি ধসে পড়ে। এলাকাটিতে মূলত কৃষ্ণাঙ্গ ও আফ্রো-ক্যারিবীয় জনগোষ্ঠীর বসবাস।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উদ্ধার অভিযানের বিভিন্ন তথ্য জানান। একই সঙ্গে সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

মামদানি জানান, জরুরি সহায়তার প্রথম ফোন পাওয়ার এক মিনিটের মধ্যেই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বুধবার রাত ৮টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) প্রধান জন এস্পোসিতো বলেন, কাছাকাছি এলাকায় আরেকটি জরুরি কাজ শেষ করে ফেরার পথে দমকলকর্মীরা ভবন ধসের খবর পান। এরপর তাঁরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

এফডিএনওয়াইয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জনের অবস্থা স্থিতিশীল। এ ছাড়া একজন দমকলকর্মী সামান্য আহত হয়েছেন এবং তাঁর চিকিৎসা চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আছেন কি না, তা শনাক্ত করতে একটি ড্রোনও ব্যবহার করছে উদ্ধারকারী দল।

নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার লিলিয়ান বন্সিগনোর জানান, ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থানে ধসে পড়ে। এতে ভবনের বাসিন্দা ও নির্মাণশ্রমিকেরা আটকা পড়েন। জন এস্পোসিতো বলেন, নির্মাণশ্রমিকেরা তখন সেখানে মাটি খননের কাজ করছিলেন।

ধসে পড়া ভবনের ভেতর থেকে এক অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় স্থানীয় ফ্ল্যাটবুশ ওয়াইএমসিএতে একটি সহায়তা কেন্দ্র খুলেছে নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ। ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে। উদ্ধারকারী দলের সঙ্গে কাজ করছেন জরুরি চিকিৎসাসেবার কর্মীরাও।

লিলিয়ান বন্সিগনো বলেন, উদ্ধারকর্মীরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কঠিন পরিস্থিতিতে কাজ করছেন। ধ্বংসস্তূপ দ্রুত সরাতে গেলে এর স্তূপ নড়ে গিয়ে আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। এতে উদ্ধারকাজে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার অভিযান দীর্ঘ সময় ধরে চলতে পারে। তবে ভবনটি কী কারণে ধসে পড়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা