২০২৭ সালে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) শীর্ষ সম্মেলন আলবেনিয়ার রাজধানী তিরানায় অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এদি রামা। প্রতিরক্ষা খাতে কম ব্যয় এবং সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ নিয়ে সমালোচনার মধ্যেই সম্মেলন আয়োজনের পরিকল্পনায় পরিবর্তনের কথা জানালেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ইউরোপীয় নেতাদের এক সম্মেলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রামা। তিনি বলেন, ন্যাটো সম্মেলন কবে হবে, সে বিষয়ে এখনো সদস্য দেশগুলোর মধ্যে কোনো অভিন্ন সিদ্ধান্ত হয়নি। তবে ২০২৭ সালে যে সম্মেলন হচ্ছে না, তা নিশ্চিত।
রামা আরও বলেন, ২০২৮ সালে সম্মেলন অনুষ্ঠিত হলে সেটি তিরানায় আয়োজন করা হবে।
তবে ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তী শীর্ষ সম্মেলন আলবেনিয়াতেই অনুষ্ঠিত হবে। তবে এর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
সম্মেলন আয়োজন নিয়ে অনিশ্চয়তা
বার্তা সংস্থা রয়টার্স গত জুনে জানিয়েছিল, আলবেনিয়ায় ন্যাটোর সম্মেলন আয়োজনের পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আপত্তি এবং প্রতিরক্ষা খাতে আলবেনিয়ার কম ব্যয় নিয়ে ন্যাটোর সদস্য দেশগুলোর অসন্তোষ এর পেছনে কাজ করছে।
২০২৫ সালের জুনে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ঘোষণায় বলা হয়েছিল, ২০২৬ সালে তুরস্কে পরবর্তী সম্মেলন হবে। এরপর আলবেনিয়ায় আরেকটি সম্মেলন আয়োজনের কথা ছিল। তবে জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিত সম্মেলনের ঘোষণায় পরবর্তী বৈঠকের সময় বা স্থান সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।
সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবছর ন্যাটোর শীর্ষ সম্মেলন আয়োজনের যে রীতি চালু রয়েছে, তা বন্ধ করার বিষয়টিও বিবেচনা করছে জোটটি। এতে ট্রাম্পের মেয়াদের পরবর্তী সময়ে তাঁর সঙ্গে সম্ভাব্য উত্তেজনাপূর্ণ বৈঠকের পরিস্থিতি এড়ানো সম্ভব হতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কূটনীতিকদের ধারণা, চলতি বছর স্বল্প নোটিশে ন্যাটোর সম্মেলন আয়োজনের সম্ভাবনা এখনো রয়েছে। তবে সেটি তিরানায় হওয়ার সম্ভাবনা নেই।
সরকারবিরোধী বিক্ষোভে চাপে রামা
প্রায় ১৩ বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী এদি রামা কয়েক মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভের মুখে রয়েছেন।
গত মে মাসে বিক্ষোভ শুরু হয়। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থিত একটি বিলাসবহুল পর্যটনকেন্দ্র নির্মাণের প্রাথমিক অনুমোদন দেন রামা। আলবেনিয়ার দক্ষিণ উপকূলের জেভেরনেক এলাকার সংরক্ষিত ভিয়োসা-নার্তা জলাভূমি এবং কাছের সাসান দ্বীপে এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
‘ফ্লেমিংগো বিপ্লব’ নামে পরিচিতি পাওয়া এই আন্দোলন পরে দুর্নীতির অভিযোগে রামার পদত্যাগের দাবিতে বৃহত্তর সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। অক্টোবরে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভও সহিংস হয়ে ওঠে।
বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বিরোধীদলীয় নেতা সালিহ বেরিশার নেতৃত্বে বিরোধী আইনপ্রণেতারা গত ২৯ অক্টোবর পার্লামেন্টের অধিবেশনে ফ্লেয়ার ও ধোঁয়া বোমা ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
তবে পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন রামা। তাঁর দাবি, প্রস্তাবিত পর্যটনকেন্দ্রটি আলবেনিয়া ও ইউরোপীয় ইউনিয়নের আইন মেনেই নির্মিত হবে। তাঁর সরকার বিক্ষোভগুলোকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের পরিকল্পিত কর্মকাণ্ড বলে অভিহিত করেছে।
সূত্র: আল-জাজিরা