অধ্যাপক জেফরি স্যাক্স

যুদ্ধক্ষেত্র বা চুক্তি কোনোভাবেই ইরানে জিততে পারবেন না ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই জয়ী হতে পারবেন না। প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফরি স্যাক্স সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন।

ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিয়ে কথা বলেন। তার মতে, যুদ্ধক্ষেত্র বা কোনো আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে ওয়াশিংটনের বিজয়ের কোনো সুযোগ নেই।

অধ্যাপক স্যাক্স মনে করেন, এই রক্তক্ষয়ী সংঘাত থামাতে হলে যুক্তরাষ্ট্রকে কোনো আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষা না করেই অঞ্চলটি ত্যাগ করতে হবে। পাশাপাশি ইরানের ওপর আরোপিত সব ধরনের অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়াই হবে সবচেয়ে বাস্তবসম্মত পদক্ষেপ।

মার্কিন প্রশাসনের মূল সমস্যা তুলে ধরে তিনি জানান, ট্রাম্প প্রশাসন নিজেদের দুর্বল হিসেবে উপস্থাপন করতে ভয় পায়। অথচ বাস্তবতা হলো, তারা সামরিক শক্তি কিংবা কূটনৈতিক টেবিল—কোথাও সফল হতে পারছে না।

জেফরি স্যাক্সের মতে, কোনো শর্ত ছাড়া যুদ্ধ বন্ধ হলে ইরানের নিরাপত্তা নিশ্চিত হবে এবং অঞ্চলজুড়ে ধ্বংসযজ্ঞ থামবে। এতে হরমুজ প্রণালী পুনরায় সচল হবে এবং ট্রাম্পও নিজের মতো করে পরিস্থিতি ব্যাখ্যা করার সুযোগ পাবেন।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন কোনো কূটনৈতিক কাঠামোর সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়েছেন এই অর্থনীতিবিদ। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে আমূল পরিবর্তন না আসা পর্যন্ত টেকসই কোনো সমাধান সম্ভব নয়।

বর্তমান সংঘাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং ইউরোপীয় দেশগুলোর ভূমিকার তীব্র সমালোচনা করেন স্যাক্স। তিনি বলেন, আন্তর্জাতিক আইন রক্ষার বদলে নিরাপত্তা পরিষদের পশ্চিমা রাষ্ট্রগুলো উল্টো ইরানের ওপরই দায় চাপাচ্ছে।

অধ্যাপক স্যাক্স ব্রিটেন ও ফ্রান্সের পররাষ্ট্রনীতিকে কটাক্ষ করে বলেন, দেশগুলো এখনো ১৯২০ সালের পুরোনো সাম্রাজ্যবাদী মানসিকতা নিয়ে চলছে। কৌশলগত দূরদর্শিতার অভাবে ইউরোপ বর্তমানে নিজস্ব ও ঐক্যবদ্ধ কোনো পররাষ্ট্রনীতি গড়ে তুলতে পারেনি।

আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ব্রিকস (BRICS) জোটকে জাতিসংঘ সনদের নীতি রক্ষায় আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। তার পরামর্শ, বাইরের কোনো শক্তির ওপর নির্ভর না করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করা উচিত।

সবশেষে এই যুদ্ধকে সবার জন্যই একটি ‘পরাজয়ের লড়াই’ হিসেবে আখ্যায়িত করেন জেফরি স্যাক্স। অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র যেভাবে ট্রিলিয়ন ডলার খরচ করছে, তা খোদ মার্কিন অর্থনীতি ও সাধারণ ভোটারদের ওপরই চরম বোঝা হয়ে দাঁড়িয়েছে।

সূত্র:‘মেহর নিউজ এজেন্সি’তে প্রকাশিত মোহাদ্দেসেহ পাকরাভানের নেওয়া সাক্ষাৎকার অবলম্বনে।