যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের জন্য দেশটির পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাকে দায়ী করেছেন পরিবহনমন্ত্রী শন ডাফি। এ ব্যবস্থা আধুনিকায়নে কংগ্রেসের কাছে আরও অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাফি বলেন, পুরোনো টেলিযোগাযোগ রাউটারগুলো অতিরিক্ত তথ্যের চাপে কার্যক্ষমতা হারায়। এতে যোগাযোগব্যবস্থায় অসংগতি দেখা দেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখে।
তিনি বলেন, ‘পুরোনো যন্ত্রপাতিই বিকল হয়েছিল।’ তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় স্থাপন করা নতুন সরঞ্জামগুলোতে কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি।
ডাফি জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নের প্রাথমিক বিনিয়োগ হিসেবে ট্রাম্প ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ নিশ্চিত করেছেন। তবে পুরো ব্যবস্থার সংস্কারের জন্য এই অর্থ যথেষ্ট নয়।
তাঁর ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প এ খাতে ৩০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছেন। তবে পুরো কাজ শেষ করতে তাঁর নিজের প্রয়োজন বলে মনে হচ্ছে ৫০ বিলিয়ন ডলার। এ জন্য কংগ্রেসকে বাকি অর্থের জোগান দিতে হবে।
ডাফি প্রশ্ন করেন, কার্যকর বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার চেয়ে গুরুত্বপূর্ণ আর কী হতে পারে? বছরের পর বছর ধরে এ ব্যবস্থার বিভিন্ন সরঞ্জামে সমস্যা দেখা দেওয়া এবং অতীতে আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
সূত্র: আল-জাজিরা