চাপ প্রয়োগ করে তেহরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়: আনসারি 

পরমাণু কর্মসূচিতে নিজেদের অধিকার, রাষ্ট্রীয় ভূখণ্ডের সার্বভৌমত্ব এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কর্তৃত্বের বিষয়ে ন্যায্য ও সমান আচরণ চায় ইরান। দেশটির ভাইস প্রেসিডেন্ট ও আইনবিষয়ক উপদেষ্টা মাজিদ আনসারি এ অবস্থানের কথা জানিয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পরমাণু ইস্যুতে ইরানের অধিকারকে সম্মান করতে হবে। চাপ প্রয়োগ কিংবা জবরদস্তি করে তেহরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়। বক্তব্যে আনসারি ১২ দিনের যুদ্ধ থেকে রমজান যুদ্ধ পর্যন্ত ইরানি জনগণের দৃঢ়তা ও প্রতিরোধের প্রশংসা করেন। তার দাবি, সাহস, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের অবস্থান শত্রুদের পরিকল্পনা ও উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এসব ব্যর্থতা থেকে প্রতিপক্ষ শিক্ষা নেবে। হুমকি ও শক্তি প্রদর্শনের পরিবর্তে ইরানের জনগণের প্রতি সম্মান দেখাবে এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুসরণ করে দেশটির সঙ্গে সম্পর্ক পরিচালনা করবে। আনসারি বলেন, পরমাণু অধিকার, নিজস্ব সীমান্তের ওপর সার্বভৌমত্ব এবং হরমুজ প্রণালিতে ইরানের উপস্থিতি ও কর্তৃত্বের বিষয়ে ন্যায্য ও সমান আচরণ নিশ্চিত করতে হবে।

তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, পরমাণু কর্মসূচির পাশাপাশি হরমুজ প্রণালিতে নিজেদের অধিকার ও সার্বভৌমত্বের স্বীকৃতিকেও গুরুত্বপূর্ণ মনে করছে তেহরান।

সূত্র: আইআরএনএ