ইরানের রাশত-আস্তারা রেলপথ নির্মাণে ১৩৬ কোটি ইউরোর চুক্তিতে পৌঁছেছে ইরান ও রাশিয়া। প্রকল্পটির কারিগরি ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলো নিয়েও দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
ইরানের পরিবহন অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কোম্পানির প্রধান নির্বাহী হুশাং বাজভান্দ তাসনিম নিউজ এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রকল্পটির কারিগরি ও বাস্তবায়নসংক্রান্ত সব বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতা হয়েছে। চুক্তির অর্থমূল্য সম্পর্কে বাজভান্দ বলেন, রাশিয়ার পক্ষের সঙ্গে আমরা ১ দশমিক ৩৬ বিলিয়ন ইউরোর অঙ্কে একমত হয়েছি। তিনি আরও জানান, প্রকল্পটির জন্য ইরানের নিজস্ব হিসাব এই অঙ্কের চেয়ে সামান্য কম। চূড়ান্ত অনুমোদনের জন্য তা সুপ্রিম ইকোনমিক কাউন্সিলে পাঠানো হবে।
রেলপথ নির্মাণের সরঞ্জাম সরবরাহ প্রসঙ্গে বাজভান্দ বলেন, প্রয়োজনীয় সব সরঞ্জাম দেশেই উৎপাদন করা হবে। তার ভাষায়, রেলপথটি ইরানের নিজস্ব মানদণ্ড অনুযায়ী নির্মাণ করা হবে। এর সরঞ্জাম সরবরাহের সঙ্গে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই। রেলওয়ের কোচ ও অন্যান্য চলমান যানবাহন সংগ্রহের বিষয়ে তিনি স্পষ্ট করেন, পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে ইসলামিক রিপাবলিক অব ইরান রেলওয়েজ (আরএআই) এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
উত্তর-দক্ষিণ করিডরের গুরুত্বপূর্ণ সংযোগ
রাশত-আস্তারা রেলপথ ইরানের অংশে আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডরের (আইএনএসটিসি) সর্বশেষ অসম্পূর্ণ সংযোগ। ভারত মহাসাগর থেকে বাল্টিক সাগর ও উত্তর ইউরোপ পর্যন্ত বিস্তৃত এই বহুমাত্রিক পরিবহন করিডর ভারত, ইরান, আজারবাইজান, রাশিয়া ও মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলকে যুক্ত করার পরিকল্পনায় তৈরি করা হয়েছে।
দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া ও রাশিয়ার মধ্যে পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমানো এই করিডরের অন্যতম লক্ষ্য। ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস বন্দর থেকে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত পর্যন্ত বিস্তৃত করিডরের রেল যোগাযোগে রাশত-আস্তারা লাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রায় ১৬৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মিত হলে ইরানের বিদ্যমান রেল নেটওয়ার্কের সঙ্গে আস্তারা সীমান্তের সরাসরি সংযোগ স্থাপিত হবে। এর ফলে রাশিয়া এবং বৃহত্তর ইউরেশীয় বাজারে রেলপথে পণ্য পরিবহন সহজ হবে।