শত্রুদের হারাতে সন্ত্রাসের প্রয়োজন নেই ইরানের: বাঘাই

পশ্চিমা কর্মকর্তা কিংবা সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ পরিকল্পনা করছে ইরান- এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, শত্রুদের পরাজিত করতে ইরানের ‘সন্ত্রাসের’ আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, ফ্রান্সের কথিত ‘রেফ্রিজারেটর মামলা’সহ ইরানের বিরুদ্ধে আনা এসব অভিযোগ ইসরায়েলি সরকারের পরিচালিত সমন্বিত অপতথ্য প্রচারণার অংশ। এর উদ্দেশ্য পশ্চিমা সরকার ও সাধারণ মানুষের কাছে ইরানকে একটি ‘হুমকি’ হিসেবে তুলে ধরা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাধারণ মানুষ যখন তাদের সরকারের আগ্রাসী নীতিকে সমর্থন করতে চাইছে না, ঠিক তখনই জনমত প্রভাবিত করতে এ প্রচারণা চালানো হচ্ছে।

বাঘায়ির অভিযোগ, এর লক্ষ্য মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা এবং ইরানের বিরুদ্ধে আরও আগ্রাসন চালানোর পক্ষে জনসমর্থন গড়ে তোলা। একই সঙ্গে জননিরাপত্তার অজুহাতে বেপরোয়া রাজনৈতিক ও সামরিক পদক্ষেপের যৌক্তিকতা তৈরির চেষ্টা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সম্ভাব্য হত্যার লক্ষ্যবস্তু হিসেবে তুলে ধরার উদ্দেশ্যও তাদের কাছে ‘সংঘাতকে ব্যক্তিগত করে তোলা’।

ইরানের জবাব বৈধ আত্মরক্ষা

তেহরানের বিরুদ্ধে আনা অভিযোগের জবাবে বাঘাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিভিন্ন দফার সঙ্গে তাদের কথিত ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ তুলনা করেন। তিনি স্মরণ করিয়ে দেন, ইরানি কর্মকর্তাদের হত্যাকাণ্ড এবং সাধারণ নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সবচেয়ে নগ্ন রূপ’ দেখিয়েছে বলে তেহরান মনে করে। বাঘাই বলেন, ‘ইরান অবশ্য দৃঢ় প্রতিরোধ ও বৈধ আত্মরক্ষার মাধ্যমে জবাব দিয়েছে এবং এখনো দিয়ে যাচ্ছে।’

সন্ত্রাসবাদ ও বেসামরিক মানুষের বিরুদ্ধে কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে তিনি বলেন, ইরানের শত্রুরা যে ধরনের সন্ত্রাসী সহিংসতার আশ্রয় নেয়, তা করার কোনো প্রয়োজন ইরানের নেই। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত করারও কোনো কারণ নেই। কারণ, এসব মানুষ নিজেরাই তাদের নেতাদের বিপর্যয়কর সিদ্ধান্তের শিকার।

মার্কিন কর্মকর্তাদের নিয়ে কটাক্ষ

বাঘাই আরও বলেন, কয়েক দিন ধরে ‘বিজয়’ দাবি করার পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখন সামরিক বাংকারে আশ্রয় নিয়েছেন। তার ভাষায়- এটি এমন এক জনগণের সহানুভূতি আদায়ের স্বচ্ছ প্রচেষ্টা, যারা নিজেদের নেতাদের মিথ্যাচার এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের অগ্রাধিকার বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হওয়ায় আগে থেকেই ক্ষুব্ধ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গণমাধ্যমে প্রচারণা বা তথ্য বিকৃতির মাধ্যমে মার্কিন কর্মকর্তাদের ক্রমবর্ধমান ভয় ও মানসিক অস্থিরতা দূর করা যাবে না। তিনি আরও বলেন, শত্রুদের পরাজিত করতে ইরানের তাদের মতো দুষ্ট আগ্রাসী হয়ে ওঠার প্রয়োজন নেই। পরাজিতদের খেলায় অংশ নেওয়ারও কোনো কারণ ইরান দেখে না।