যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ মধ্যপ্রাচ্য ত্যাগ করেছে বলে বুধবার ইউএস নেভাল ইনস্টিটিউটের অনলাইন সংবাদ মাধ্যম (ইউএসএনআই নিউজ) জানিয়েছে। রণতরীটি তিন মাস মধ্যপ্রাচ্য অঞ্চলে ছিল বলে জানা গেছে।
মার্কিন প্যাসিফিক ফ্লিটের একজন মুখপাত্র ইউএসএনআই নিউজকে জানান, জাপানভিত্তিক এই রণতরীটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের কার্যক্রম এলাকায় অবস্থান করছে। তবে এর সাথে কোন কোন সহযোগী যুদ্ধজাহাজ (এসকর্ট শিপ) গেছে, সে বিষয়ে ওই মুখপাত্র কিছু জানাননি।
প্রতিবেদন অনুযায়ী, রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর স্থলাভিষিক্ত হতে গত ১৯ আগস্ট জর্জ ওয়াশিংটন স্ট্রাইক গ্রুপ যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের এলাকায় পৌঁছেছিল।
জর্জ ওয়াশিংটন চলে যাওয়ার আগে রোববার অঞ্চলটিতে পৌঁছেছে ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এর ফলে এপ্রিল থেকে আরব সাগরে অবস্থানরত ‘ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ’-এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে এখন দুটি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন থাকল।
প্রতিবেদনে বলা হয়েছে, জর্জ ওয়াশিংটন জাপানের ইয়োকোসুকায় অবস্থিত নিজস্ব ঘাঁটিতে ফিরছে নাকি পথে কোনো বন্দরে যাত্রাবিরতি করবে, তা এখনো স্পষ্ট নয়। রণতরীটি গত মে মাসের শেষের দিকে ইয়োকোসুকা থেকে অভিযানে বের হয়েছিল। মধ্যপ্রাচ্যে এটি মোতায়েন করার ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী ছিল না।
গত ২৮ ফেব্রুয়ারি যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে অঞ্চলটিতে তীব্র উত্তেজনা বিরাজ করার মধ্যেই রণতরী সরিয়ে নেয়ার এই খবর এলো।
গত জুনে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারক সই করলেও জ্বালানি সরবরাহ ও পণ্য পরিবহনের কৌশলগত পথ হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মতবিরোধের জেরে এর বাস্তবায়ন থমকে যায়।
সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও গত জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব ফেলেছে।
ওয়াশিংটন ও তেল আবিব তেহরানের বিরুদ্ধে এমন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনার অভিযোগ করে আসছে যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের জন্য হুমকিস্বরূপ; অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।
সূত্র : আনাদুলু অ্যাজেন্সি