প্রতিদ্বন্দ্বী পুতিন ও শিকে কেন বন্ধু ভাবেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে উন্মুখ ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই ব্যতিক্রমী কূটনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বৈশ্বিক রাজনীতিতে নানা আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে।

সিএনএনের বিশ্লেষক স্টিফেন কলিনসনের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ নতুন কিছু নয়। তবে ট্রাম্পের ক্ষেত্রে পার্থক্য হলো, তিনি কেবল আনুষ্ঠানিক কূটনীতিতে সীমাবদ্ধ না থেকে পুতিন ও শিকে ব্যক্তিগতভাবে বন্ধু হিসেবে দেখছেন।

বৃহস্পতিবার চীনের শেনজেন শহরে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় বসার কথা রয়েছে ট্রাম্পের। এর আগে বুধবার এপেক সম্মেলনের নৈশভোজে তিন শীর্ষ নেতা একসঙ্গে উপস্থিত ছিলেন, পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাতের আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, শেনজেনের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতীক বহন করছে। নিজ নিজ বলয়ে প্রভাব বিস্তারে আগ্রহী তিন পরাশক্তির এমন মেলবন্ধনে ছোট ও তুলনামূলক দুর্বল রাষ্ট্রগুলোর স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

সমালোচকদের দাবি, ঐতিহ্যবাহী মিত্রদের প্রতি উদাসীন থাকলেও পুতিন ও শির মতো প্রভাবশালী শাসকদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন ট্রাম্প। ইউক্রেনে বেসামরিক লক্ষ্যবস্তুতে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরও পুতিনের সংযমের প্রশংসা এবং বেইজিংয়ের প্রতি কঠোর নীতি এড়িয়ে চলা তার অবস্থানেরই ইঙ্গিত দেয়।

সাবেক মার্কিন কূটনীতিক নিকোলাস বার্নস এই সাক্ষাতের যৌক্তিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁর মতে, ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক চাপে থাকা রুশ প্রেসিডেন্টকে এমন আলোচনা নতুন রাজনৈতিক পরিসর ও গুরুত্ব এনে দিতে পারে।

অন্যদিকে, শীর্ষ পর্যায়ের এই সংলাপকে ইতিবাচকভাবে দেখার মতও রয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন, প্রধান পারমাণবিক শক্তিগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ থাকলে ইউক্রেন, ইরান ও তাইওয়ান কেন্দ্রিক উত্তেজনা প্রশমিত হতে পারে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর রাজনৈতিক চাপ সামলাতে শেনজেন বৈঠককে একটি কৌশলগত সুযোগ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। একইসঙ্গে স্বাগতিক দেশ হিসেবে আঞ্চলিক ও বৈশ্বিক নেতৃত্বে নিজের অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছে বেইজিং।

বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে মস্কো ও বেইজিং নিজেদের স্বার্থে আরও এগিয়ে যেতে পারে। বিশেষ করে ২০২৯ সালের সম্ভাব্য মার্কিন নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাতে পারে চীন।


সূত্র: সিএনএন