ইরানের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বহুমুখী ষড়যন্ত্র চালাচ্ছে বলে দাবি করেছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপ-প্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি এই বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, রোববার গ্রেটার তেহরানে আইআরজিসি কমান্ডার এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের এক সমাবেশে তিনি এ কথা বলেন। ইজাদি উল্লেখ করেন, অন্যান্য ক্ষেত্রে ব্যর্থ হয়ে শত্রুরা এখন অর্থনৈতিক চাপ ও মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে ইরানের সামাজিক সংহতি নষ্ট করার চেষ্টা করছে।
বর্তমান পরিস্থিতিতে সার্বিক প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখা এবং বুদ্ধিবৃত্তিক আগ্রাসন মোকাবিলা করাকে আইআরজিসি ও বাসিজের প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন তিনি। অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্য রুখতে তিনি ‘স্পষ্টীকরণের জিহাদ’ (জিহাদ অব ক্ল্যারিফিকেশন) জোরদার করার আহ্বান জানান।
তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও গণসংহতি বাড়াতে বাসিজ বাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন এই জ্যেষ্ঠ কমান্ডার। তিনি জানান, কেবল তেহরানেই প্রায় সাড়ে চার লাখ মানুষ বাসিজের বিভিন্ন কর্মসূচিতে যুক্ত রয়েছেন এবং প্রায় ৫০০টি ব্যাটালিয়ন সংগঠিত করা হয়েছে।
দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে ইজাদি ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, আকাশ প্রতিরক্ষা এবং নৌ ও স্থল বাহিনীর শক্তির ওপর জোর দেন। তাঁর মতে, অভ্যন্তরীণ সক্ষমতা ও জনগণের সমর্থনকে পুঁজি করেই ইরান গত ৪৭ বছরে ইরাক যুদ্ধ ও আইএসআইএসের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছে।
পশ্চিম এশিয়ার চলমান অস্থিরতা ও ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এর আগে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি জাতীয় ঐক্যের মাধ্যমে শত্রুদের বিভেদ সৃষ্টির চেষ্টা ব্যর্থ করে দেওয়ার কথা বলেছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় মার্কিন-ইসরায়েলি হামলার পর থেকে অঞ্চলজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইরানি কর্মকর্তাদের দাবি অনুযায়ী, মিনাব শহরের একটি স্কুলে ওই হামলায় বহু শিশু প্রাণ হারিয়েছে, যাকে তাঁরা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মরক্ষার অধিকার থেকেই তাঁরা পাল্টা অভিযানে মার্কিন ড্রোন ভূপাতিত ও সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে এবং যুদ্ধ-পূর্ববর্তী কোনো অবস্থায় তাঁরা আর ফিরে যাবে না।
সূত্র: প্রেস টিভি