যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি সামরিক অস্ত্র কারখানায় প্রায় পাঁচ টন বিপজ্জনক রাসায়নিক উপাদান বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করার পরিকল্পনা করেছে মার্কিন সেনাবাহিনী। পরিবেশগত ঝুঁকি নিয়ে আদালতের সাময়িক স্থগিতাদেশ এবং পরিবেশবাদীদের আপত্তি সত্ত্বেও আগামী বুধবার এ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে স্থগিতাদেশ তুলে নিতে রোববার (২২ নভেম্বর ) ফেডারেল আপিল আদালতের কাছে আবেদন করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
আইওয়ার মিডলটাউনে অবস্থিত আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে সীসা অ্যাজাইডযুক্ত প্রায় ৭০টি ড্রামে থাকা উপাদান ধ্বংস করতে চায় সেনাবাহিনী। সীসা অ্যাজাইড এমন একটি রাসায়নিক যৌগ, যা সামরিক অস্ত্র ও গোলাবারুদ বিস্ফোরণের কাজে ব্যবহৃত হয়। সেনাবাহিনী ও পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) সমন্বিতভাবে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছে।
পরিবেশবাদী সংগঠনগুলোর করা মামলার পর গত বৃহস্পতিবার ইপিএর দেওয়া জরুরি অনুমতির ওপর সাময়িক স্থগিতাদেশ দেন ফেডারেল আপিল আদালত। শুরুতে শুক্রবার সকালে বিস্ফোরণের পরিকল্পনা থাকলেও পরে তা সোমবার, মঙ্গলবার এবং সর্বশেষ বুধবারে পিছিয়ে নেওয়া হয়।
রোববার সন্ধ্যায় সেনাবাহিনী জানায়, অনুকূল আবহাওয়া এবং প্রয়োজনীয় ঝুঁকি প্রশমন ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিস্ফোরণের সময় বুধবার নির্ধারণ করা হয়েছে।
সেনাবাহিনীর এ পরিকল্পনা নিয়ে আইওয়ার বাসিন্দা ও রাজনীতিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, বিস্ফোরণের ফলে সৃষ্ট সীসাযুক্ত ধুলার মেঘ আইওয়ার বিস্তীর্ণ এলাকা, মিসিসিপি নদী এবং ইলিনয় অঙ্গরাজ্যের কিছু অংশে ছড়িয়ে পড়তে পারে।
মামলাকারী পরিবেশবাদী সংগঠনগুলোর অভিযোগ, রোববার সকাল পর্যন্ত সেনাবাহিনী সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস এবং সীসাযুক্ত ধুলার মেঘ কোন পথে ছড়িয়ে পড়তে পারে, সে বিষয়ে জনসাধারণকে হালনাগাদ তথ্য দেয়নি। স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন, সীসার সংস্পর্শে আসার কোনো মাত্রাকেই নিরাপদ বলা যায় না। শিশুদের জন্য এ ঝুঁকি বিশেষভাবে বেশি।
রোববার সন্ধ্যায় সেনাবাহিনী জানায়, সংশ্লিষ্ট অঞ্চলের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করছে।
আদালতের স্থগিতাদেশ পাশ কাটানোর চেষ্টা
বিস্ফোরণ নিয়ে আইনি লড়াইয়ের মধ্যে শনিবার রাতে আদালতে জমা দেওয়া এক আবেদনে বিচার বিভাগ বলেছে, আদালতের স্থগিতাদেশ অন্য কোনো আইনি ক্ষমতার অধীনে সেনাবাহিনীর পদক্ষেপ নেওয়ার পথে বাধা সৃষ্টি করে না।
সেনাবাহিনীর দাবি, তাপমাত্রা কমে গেলে ক্ষয়প্রাপ্ত সীসা অ্যাজাইড নিজে থেকেই বিস্ফোরিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিচার বিভাগের আবেদনে বলা হয়েছে, বিষয়টি বিস্ফোরণ ঘটানো বা না ঘটানোর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পরিকল্পিতভাবে ঝুঁকি নিয়ন্ত্রণ করে বিস্ফোরণ ঘটানো এবং কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই অনিয়ন্ত্রিত বিস্ফোরণের ঝুঁকির মধ্যে সিদ্ধান্ত নিতে হচ্ছে।
তবে পরিবেশবাদী সংগঠনগুলোর আইনজীবীরা বলছেন, বিচার বিভাগ ও সেনাবাহিনী আদালতের প্রক্রিয়া পাশ কাটানোর চেষ্টা করছে। বিস্ফোরণ ছাড়া অন্য কোনো নিরাপদ বিকল্প যথাযথভাবে বিবেচনা করা হয়েছে, তার প্রমাণও তারা দেখাতে পারেনি।
পরিবেশবাদী সংগঠনগুলোর পক্ষে মামলা পরিচালনাকারী আর্থজাস্টিসের জ্যেষ্ঠ আইনজীবী থিয়েন চাউ বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার বহু মানুষ প্রতিবাদ জানিয়ে জবাবদিহি দাবি করায় বিষয়টি থামিয়ে বিকল্প পদ্ধতি বিবেচনার সুযোগ তৈরি হয়েছিল।
আইওয়ার গভর্নর কিম রেনল্ডস শুক্রবার রাজ্যের জরুরি কার্যক্রম কেন্দ্র সক্রিয় করেছেন। প্রতিবেশী ইলিনয়ের কর্মকর্তারাও তাঁদের রাজ্যে সীসাযুক্ত ধুলা ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক করছেন।
মিডলটাউনের আশপাশে সোমবার থেকে বুধবার পর্যন্ত বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
কেন বিস্ফোরণের সিদ্ধান্ত সেনাবাহিনীর
সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব অ্যাডাম টেলে জানান, গত মার্চে নিয়মিত মজুত পরীক্ষা করতে গিয়ে বাংকারে সংরক্ষিত সীসা অ্যাজাইডের অবনতির বিষয়টি ধরা পড়ে। এরপর উপাদানটি কীভাবে নিরাপদে নিষ্পত্তি করা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, স্থানীয় কর্তৃপক্ষ ও জনগণের সঙ্গে আলোচনা করা হয়।
গত মাসে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিতরণ করা সেনাবাহিনীর এক প্রশ্নোত্তরপত্রে বলা হয়, রাসায়নিক উপাদানটি অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়েছে। সামান্য নড়াচড়া বা ঘর্ষণেও দুর্ঘটনাজনিত বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। এ কারণে উপাদানটি প্যাকেটজাত করা বা অন্যত্র পরিবহন করাও ঝুঁকিপূর্ণ বলে দাবি সেনাবাহিনীর।
টেলে বলেন, ইপিএ, বিশেষজ্ঞ ও স্থানীয় জনগণের সঙ্গে আলোচনার পর তাঁরা নিয়ন্ত্রিত বিস্ফোরণকেই আশপাশের মানুষের জন্য তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ পদ্ধতি হিসেবে বেছে নিয়েছেন।
সেনাবাহিনীর নথি অনুযায়ী, গত ১৫ অক্টোবর স্থানীয়দের নিয়ে একটি সভা করে নভেম্বরের শেষ দিকে সম্ভাব্য বিস্ফোরণের বিষয়ে জানানো হয়েছিল। পরে ১৫ নভেম্বর শুক্রবার বিস্ফোরণের পরিকল্পনা জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। জনমতের চাপের পর সময় পরিবর্তন করে সোমবার নির্ধারণ করা হয়। সেনাবাহিনীর ভাষ্য, তাপমাত্রা কমে যাওয়ার আগে উপাদানটি ধ্বংস করাই ছিল তাদের লক্ষ্য।
ফোর্ট ম্যাডিসন শহর কর্তৃপক্ষ শনিবার জানায়, আদালতের স্থগিতাদেশ বহাল থাকা সত্ত্বেও তাদের জানানো হয়েছে, বিস্ফোরণটি সোমবার অথবা মঙ্গলবার হতে পারে। চলতি সপ্তাহে তা সম্ভব না হলে নতুন সময় নির্ধারণের জন্য অতিরিক্ত পরিকল্পনা করতে হবে।
টেলের দাবি, সীসা অ্যাজাইড ধ্বংস করতে বেশি দেরি হলে পরবর্তী সময়ে আরও বড় ঝুঁকি তৈরি হতে পারে। ইপিএর জরুরি অনুমতিতে ২০২৬ সালের ১৩ নভেম্বর থেকে ২০২৭ সালের ১১ ফেব্রুয়ারির মধ্যে এ কার্যক্রম পরিচালনার সুযোগ রাখা হয়েছিল।
তবে আইওয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশস্বাস্থ্য বিশেষজ্ঞ প্যাট্রিক ও’শোনেসি মনে করেন, সমস্যাটি ২০ বছর আগেই মূল্যায়ন করা উচিত ছিল। তাঁর মতে, এত দিন উপাদানটি অবহেলায় পড়ে থাকার পর এখন অন্যত্র সরানো সম্ভব না হওয়ায় ঘটনাস্থলেই বিস্ফোরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতিকে নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পিত বিস্ফোরণটি দুই বিপদের মধ্যে তুলনামূলক কম ক্ষতিকর বিকল্প হতে পারে।
আদালতের নথি অনুযায়ী, এর আগে রাসায়নিক উপায়ে সামরিক বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজে যুক্ত জর্জিয়াভিত্তিক প্রতিষ্ঠান মুনিরেম এনভায়রনমেন্টালের সঙ্গে চুক্তি করেছিল সেনাবাহিনী। তবে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে পরে চুক্তিটি বাতিল করা হয়। এরপর সীসা অ্যাজাইড বিস্ফোরণের মাধ্যমে ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়।
সেনাবাহিনীর পরিবেশ, নিরাপত্তা ও পেশাগত স্বাস্থ্যবিষয়ক উপসহকারী সচিব অ্যামি এল বোরম্যানের সেপ্টেম্বরের একটি চিঠিতে বলা হয়, সামরিক ও কেন্দ্রীয় সরকারের বিস্ফোরক নিরাপত্তা বিশেষজ্ঞদের কারিগরি ঐকমত্যের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুনিরেমের প্রধান নির্বাহী ভ্যালেন্টাইন এনজেনগাং সিএনএনকে বলেন, সেনাবাহিনী তাদের জানিয়েছিল, বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনা করে নিয়ন্ত্রিত বিস্ফোরণকেই সবচেয়ে নিরাপদ পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
স্থানীয়দের উদ্বেগ, নিরাপত্তা প্রস্তুতি
৩৬৩ জন বাসিন্দার ছোট শহর মিডলটাউনের কর্মকর্তাদের সেনাবাহিনী নিয়মিত পরিকল্পনার হালনাগাদ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন শহরটির কেরানি ও প্রশাসনিক কর্মকর্তা ব্রিয়ানা বেক। তিনি প্রতিটি তথ্য শহরের ফেসবুক পেজে প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য, কয়েক মাস ধরেই শহর কর্তৃপক্ষ এ পরিকল্পনা সম্পর্কে জানত। বিস্ফোরণের সম্ভাব্য প্রভাব পড়তে পারে—এমন বাড়িগুলোতেও সেনাবাহিনী চিঠি পাঠিয়েছে।
আইওয়ার গভর্নরের কার্যালয় ও রাজ্যের বিভিন্ন সংস্থা ইপিএ এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন গভর্নর কিম রেনল্ডস।
মিডলটাউন থেকে ৮০ মাইলের বেশি উত্তরে অবস্থিত সিডার র্যাপিডস শহরও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। শহরটির পানির একটি বড় অংশ সিডার নদীর তীরবর্তী কূপ থেকে সংগ্রহ করা হয়। বিস্ফোরণের কারণে পানির উৎস দূষিত হতে পারে কি না, তা পর্যবেক্ষণের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে শহর কর্তৃপক্ষ আপাতত বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছে না।
অন্যদিকে, মিডলটাউন থেকে প্রায় ৬০ মাইল উত্তরে অবস্থিত আইওয়া সিটির কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহের শুরুতে সংবাদমাধ্যমে খবর প্রকাশের আগে তাঁরা এ পরিকল্পনা সম্পর্কে জানতেন না। শহরটির জনসংখ্যা ৭৫ হাজারের বেশি। শহর ব্যবস্থাপক জিওফ ফ্রুইন আদালতে দেওয়া এক ঘোষণায় বলেন, বিস্ফোরণের আগে পানির নমুনা সংগ্রহ করতে ইপিএর একটি দল পাঠানোর বিষয়ে শুক্রবার ইমেইলে জানানো হয়। তবে পর্যাপ্ত আগাম তথ্য না থাকায় সম্ভাব্য প্রভাব মোকাবিলার পরিকল্পনা করা কঠিন হচ্ছে।
আইওয়ার নবনির্বাচিত সিনেটর জশ টুরেক বিস্ফোরণ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। রাজ্যের পরবর্তী গভর্নর রব স্যান্ড বলেছেন, বর্তমান ও ভবিষ্যৎ—উভয় সময়েই আইওয়ার বাসিন্দাদের নিরাপত্তা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।
ইলিনয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজ্যটির পশ্চিম ও মধ্যাঞ্চলের কিছু এলাকায় সীসাযুক্ত ধুলার মেঘ ছড়িয়ে পড়তে পারে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বাসিন্দাদের নিয়মিত তথ্য দিচ্ছে।
ইলিনয়ের কৃষি বিভাগ গবাদিপশু ও পোষা প্রাণীর নিরাপত্তায় কিছু নির্দেশনা দিয়েছে। ধুলার মেঘ সরে না যাওয়া পর্যন্ত প্রাণীদের ঘরের ভেতরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মাছ ধরার মাধ্যমে দূষণের সংস্পর্শে আসার ঝুঁকি সম্পর্কেও সতর্ক করা হয়েছে।
ইলিনয় কর্তৃপক্ষের পরামর্শ, বিস্ফোরণের দিন বাসিন্দারা ঘরের ভেতরে থাকবেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী এক থেকে দুই দিন দরজা-জানালা বন্ধ রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি হেপা ফিল্টারযুক্ত বায়ু পরিশোধক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার শুক্রবার সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব টেলের সঙ্গে কথা বলে পরিকল্পনা সম্পর্কে আরও স্বচ্ছ তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।
আদালতের অবস্থান ও পরিবেশবাদীদের আপত্তি
বিস্ফোরণের অনুমতি নিয়ে বৃহস্পতিবার ইপিএর বিরুদ্ধে মামলা করে পরিবেশবাদী সংগঠনগুলো। তাদের আশঙ্কা, বিস্ফোরণের ফলে সৃষ্ট সীসাযুক্ত ধুলা পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
অষ্টম সার্কিট আপিল আদালত বৃহস্পতিবার ইপিএর জরুরি অনুমতির ওপর সাময়িক স্থগিতাদেশ দেন। তবে মামলার জরুরি আবেদনের বিষয়ে আদালত কবে সিদ্ধান্ত নেবেন, তা জানানো হয়নি।
শুক্রবার সেনাবাহিনী, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এবং ইপিএ এক যৌথ বিবৃতিতে জানায়, মিডলটাউনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ যতটা সম্ভব নিরাপদে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থা একসঙ্গে কাজ করছে। বিবৃতিতে আরও বলা হয়, মার্চ থেকেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হচ্ছে এবং জনসাধারণের ঝুঁকি কমাতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।
তবে আর্থজাস্টিসের জ্যেষ্ঠ আইনজীবী থিয়েন চাউয়ের মতে, বর্তমান অনুমতিতে সম্ভাব্য ক্ষতির ব্যাপ্তি ও মাত্রা মোকাবিলার জন্য যথেষ্ট শর্ত রাখা হয়নি। সীসাযুক্ত ধুলা কত দূর ছড়াবে, মিসিসিপি নদীসহ কোন কোন জলাশয় ও জনবসতি আক্রান্ত হতে পারে—তা নিয়েও পর্যাপ্ত ধারণা নেই।
বিচার বিভাগ শুক্রবার আদালতে জানায়, জনস্বাস্থ্য, জননিরাপত্তা, সম্পদ বা পরিবেশের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি হলে কিছু ক্ষেত্রে ইপিএর অনুমতির বাধ্যবাধকতা থেকে অব্যাহতির সুযোগ রয়েছে। শনিবারের আবেদনে বিচার বিভাগ জানায়, সেনাবাহিনী সেই আইনি সুবিধা ব্যবহার করতে চায়।
সেনাবাহিনীর ৭১তম অর্ডন্যান্স গ্রুপের কমান্ডার কর্নেল অ্যারন টেলার আদালতে দেওয়া হলফনামায় সীসা অ্যাজাইডকে ‘তাৎক্ষণিক হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন।
তবে আর্থজাস্টিসের ব্যবস্থাপনা আইনজীবী র্যাচেল রিন্টেলম্যান বলেন, বিচার বিভাগ যে আইনি বিধানের কথা বলছে, সেটি কেবল এমন চরম পরিস্থিতির জন্য, যেখানে আর কোনো বিকল্প থাকে না।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রিচার্ড রেভেজের মতে, বিস্ফোরণ নিষিদ্ধ করার ক্ষমতা ফেডারেল আদালতের রয়েছে। সেনাবাহিনী নিয়ন্ত্রিত বিস্ফোরণকে সবচেয়ে কম ঝুঁকির পদ্ধতি বললেও আদালতের উচিত এ দাবির যথার্থতা সতর্কতার সঙ্গে যাচাই করা।
সীসার সংস্পর্শে স্বাস্থ্যঝুঁকি
ইলিনয় অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক চিকিৎসক সমীর ভোরা বলেছেন, মানবদেহে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই। শ্বাসের সঙ্গে বা খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করলে এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
আইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও’শোনেসির মতে, বিস্ফোরণের পর সীসাযুক্ত ধুলা বড় এলাকায় ছড়িয়ে পড়লে কোনো কোনো স্থানে এর ঘনত্ব কম হতে পারে। তবে বিস্ফোরণের পরপরই বাতাসের মাধ্যমে এবং পরে ধুলা মাটিতে বসে গেলে স্পর্শের মাধ্যমে মানুষের শরীরে সীসা প্রবেশের আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, সীসা মস্তিষ্কের জন্য বিষাক্ত। বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এটি মারাত্মক ক্ষতি করতে পারে। এর ফলে বৃদ্ধি ও বিকাশ ধীর হওয়া ছাড়াও শেখা, আচরণ, শ্রবণ ও কথা বলার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।
পরিবেশবাদীরা আরও সতর্ক করেছেন, এ বিস্ফোরণ আইওয়ার বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্যানসারের হারে আইওয়া দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং দেশটির মাত্র তিনটি অঙ্গরাজ্যে ক্যানসারের হার বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: সিএনএন