ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন এক বিষাক্ত বিরানভূমিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই ভূখণ্ডের ৯৯ শতাংশেরও বেশি এলাকায় ভয়াবহ পরিবেশগত দূষণের লক্ষণ স্পষ্ট। বাতাস, মাটি ও পানিতে মিশে থাকা এই বিষাক্ত উপাদানগুলো আগামী কয়েক প্রজন্ম ধরে জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে থাকবে।
সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এবং কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি (সিইওবিএস) যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করে। স্যাটেলাইট ইমেজারি ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে তৈরি এই প্রতিবেদনে উঠে এসেছে গাজার ভয়াবহ চিত্র। ইসরায়েলি আক্রমণের তীব্রতায় উপত্যকাটির প্রায় ৭৮ শতাংশ ভূখণ্ড সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গবেষকরা বিধ্বস্ত ভবনের অ্যাসবেস্টস, ভারী ধাতু, বিস্ফোরকের অবশিষ্টাংশ এবং ডাইঅক্সিনের মতো মারাত্মক জৈব দূষকের উপস্থিতি শনাক্ত করেছেন। প্রতিবেদন অনুযায়ী, মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য পরিবেশগত ব্যবস্থাগুলো এখন পুরোপুরি ভেঙে পড়ার পথে। খাবার, পানি এবং ধ্বংসাবশেষের সরাসরি সংস্পর্শে আসায় সাধারণ মানুষ প্রতিনিয়ত বিষক্রিয়ার শিকার হচ্ছেন।
অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার এই পরিস্থিতিকে মানুষের অস্তিত্বের জন্য চরম সংকটময় বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেন, দ্রুত বর্জ্য অপসারণ ও পরিবেশ পুনরুদ্ধারের উদ্যোগ না নিলে এই বিষক্রিয়া প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াতে হবে। ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে বাসিন্দাদের দূষণ এড়িয়ে চলার কোনো সুযোগই অবশিষ্ট নেই।
গাজা সিটি, খান ইউনিস, রাফাহ, জাবালিয়া এবং সালাহ আল-দিন রোড সংলগ্ন এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। ২০২৬ সালের জুলাই মাসে পরীক্ষিত ৭৯টি ভূগর্ভস্থ কূপের মধ্যে ১৯ শতাংশেই ক্ষতিকর মলজাত ব্যাকটেরিয়া পাওয়া গেছে। অথচ ২০২১ সালে এই দূষণের হার ছিল মাত্র ২ শতাংশ।
বেইত হানুন ও ওয়াদি গাজা অঞ্চলের কাদামাটিতে ভারী ধাতু আটকে থাকায় সেখানে দীর্ঘমেয়াদী মাটি দূষণের ঝুঁকি তৈরি হয়েছে। এটি ভবিষ্যতে গাজার কৃষি উৎপাদন এবং খাদ্য নিরাপত্তাকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে, উত্তর গাজা ও দেইর আল-বালাহে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট ও দূষণ দেখা দিয়েছে।
ধ্বংসস্তূপের ধূলিকণা ও বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় গাজা সিটি ও জাবালিয়ার বাতাস এখন চরম বিষাক্ত। এর ফলে স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্ট, হাঁপানি ও ফুসফুসের জটিল রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে, যেখানে শিশুরা সবচেয়ে বেশি অনিরাপদ। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
সূত্র: আনাদুলু এজেন্সি