৪ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের দাবি ইরানের, কতটা সত্য?

ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা এখন ৪ হাজার ৫০০ কিলোমিটার দেশটির এক আইনপ্রণেতার এমন দাবি এবং তেহরানের দৈনিক পত্রিকা হামশাহরির প্রথম পাতায় প্রায় ৫ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের উল্লেখ নতুন করে প্রশ্ন তুলেছে, ইরান সত্যিই ইউরোপে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে কি না।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই হুমকিকে গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন। তবে এত দূরের লক্ষ্যবস্তুতে নির্ভরযোগ্যভাবে আঘাত হানার সক্ষমতা দেশটি এখনো প্রমাণ করতে পারেনি।

সোমবার (২৩ নভেম্বর) ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আহমদ বখশায়েশ আরদেস্তানি ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪ হাজার ৫০০ কিলোমিটার বলে দাবি করেন। তবে এ দাবির পক্ষে তিনি কোনো কারিগরি তথ্য বা প্রমাণ দেননি।

তেহরান পৌরসভার পরিচালিত সংবাদপত্র হামশাহরি ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৫ হাজার কিলোমিটার বলে প্রচার করেছে। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা নিজেদের আরোপ করা ২ হাজার কিলোমিটারের সীমা তুলে নিয়েছে। তবে এর বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

দিয়েগো গার্সিয়ার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে কী জানা গেল

ইরানের পুরোনো ২ হাজার কিলোমিটার পাল্লার সীমা অতিক্রমের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় মার্চে। সে সময় ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে ইরান দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে খবর প্রকাশিত হয়। এর একটি আকাশেই প্রতিহত করা হয়, অন্যটি উড্ডয়নের সময় ব্যর্থ হয়।

মিডলবারি কলেজের জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী জিম ল্যামসন মনে করেন, ক্ষেপণাস্ত্র দুটি ছিল মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইআরবিএম। এ ধরনের ক্ষেপণাস্ত্র অন্তত ৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।

ল্যামসনের ভাষায়, ‘এটি প্রমাণ করে যে ইরান অন্তত আইআরবিএমের প্রোটোটাইপ তৈরি করেছে। তবে এগুলোর নকশা ও উৎপাদনের পর্যায় সম্পর্কে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও উৎপাদনকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অদূর ভবিষ্যতে তেহরান এ ধরনের আরও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে কি না, তা অনিশ্চিত।

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির জ্যেষ্ঠ গবেষক ফারজিন নাদিমির মতে, বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করেই ইরান ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াতে পারে।

তাঁর ধারণা, দিয়েগো গার্সিয়ার দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র দুটি প্রায় ২ হাজার কিলোমিটার পাল্লার মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্র খোররামশাহর-৪-এর পরিবর্তিত সংস্করণ হতে পারে। তবে ক্ষেপণাস্ত্র দুটির প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নাদিমি বলেন, ‘দুটি ক্ষেপণাস্ত্রের উড্ডয়নপথ বিবেচনায় এগুলো প্রযুক্তিগতভাবে দিয়েগো গার্সিয়ায় পৌঁছানোর সক্ষমতা রাখত।’

এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ইঙ্গিত দেয়, ইরান তার আগের ঘোষিত সীমার অনেক বাইরে আঘাত হানার চেষ্টা করতে প্রস্তুত ছিল।

নাদিমির হিসাব অনুযায়ী, ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র দিয়েই দক্ষিণ-পূর্ব ইউরোপের কিছু অংশে পৌঁছানো সম্ভব। পাল্লা ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ কিলোমিটার হলে ইউরোপের আরও বিস্তৃত অঞ্চল সম্ভাব্যভাবে যুক্তরাজ্যও ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আসতে পারে।

ইউরোপের কী প্রস্তুতি নেওয়া উচিত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিরক্ষা নীতির দায়িত্বে থাকা সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন বলেন, যুক্তরাজ্য ও পশ্চিম ইউরোপের জন্য ক্ষেপণাস্ত্রের হুমকি ক্রমেই সামনে আসছে। এ পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোর এখনই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় বিনিয়োগ করা উচিত।

লিডিন বলেন, ‘এই সক্ষমতা আসার জন্য অপেক্ষা না করে ইউরোপীয় সরকারগুলোর উচিত সম্ভাব্য হুমকি সামনে রেখেই পরিকল্পনা করা।’

তবে তাঁর মতে, তাৎক্ষণিকভাবে সবচেয়ে বড় বিপদ হলো ইরানের যেসব ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা ও মিত্রদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে হলে ইরানকে আরও অনেক বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে হবে। লিডিন ও নাদিমি দুজনই বলেছেন, ইরানের মহাকাশ কর্মসূচিতে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরির জন্য প্রয়োজনীয় কিছু প্রযুক্তি রয়েছে। তবে এ ধরনের সক্ষমতা অর্জনে আরও উন্নয়ন ও পরীক্ষা প্রয়োজন।

এখনই কেন ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে দাবি করছে তেহরান

ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে সাম্প্রতিক দাবিগুলো এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, নতুন বছরের পরও কোনো চুক্তি না হলে তিনি ইরানে আবার হামলা চালানোর কথা বিবেচনা করছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক জ্যেষ্ঠ ট্রেজারি কর্মকর্তা কেরি বিটসফের মতে, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর দাবি তুলে তেহরান ওয়াশিংটন ও তার মিত্রদের সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখতে চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে জনমত গড়ে তোলারও চেষ্টা করছে।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিতে সরবরাহকারী নেটওয়ার্কগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপে কাজ করা বিটসফ বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন ও পুনরায় সরবরাহের সক্ষমতা চাপে রয়েছে। এ অবস্থায় দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের দাবি তুলে তেহরান চাপ সৃষ্টির সুযোগ নিতে চাইছে, যদিও বাস্তবে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের সক্ষমতা এখনো অনিশ্চিত।

বিটসফের ভাষায়, ‘আমি এটিকে আবারও নিজেদের জন্য দর-কষাকষির সুবিধা তৈরির চেষ্টা হিসেবে দেখছি।’