সরকার গঠনে সংকটে আইজেনকোট

ইসরাইলে সরকার গঠন নিয়ে বেশ বড় ধরনের সংকটে পড়েছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সাথে গাদি আইজেনকটের ‘ইয়াশার’  দলের ঐক্য সরকার গঠনের আলোচনা অব্যাহত রাখার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় ইয়াশার-এর সাথে জোট গঠন-সংক্রান্ত আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ‘দ্য ডেমোক্র্যাটস’।

এদিকে ইয়াশার ঘোষণা করেছে, আইজেনকোট এবং ‘ইসরাইল বেইতেনু’ দলের চেয়ারম্যান আভিগদোর লিবারম্যান তাদের দুই দলের মধ্যে একটি জোট চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছেন। তবে চুক্তিটি ইতোমধ্যেই স্বাক্ষরিত হয়েছে কি না, ঘোষণায় তা স্পষ্ট করা হয়নি।

উভয় পক্ষ জোট চুক্তির বিস্তারিত তথ্য গোপন রাখতে সম্মত হয়েছে। তবে জোট গঠনের আলোচনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে জ্যেষ্ঠ ও আকাঙ্ক্ষিত পদ হিসেবে বিবেচনা করা হয় এবং আইজেনকোট সরকার গঠনে সফল হলে শেষ পর্যন্ত লিবারম্যানকেই প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হতে পারে। 

এ ছাড়া লিবারম্যান ঐতিহ্যগতভাবে তার দল যেসব সরকারে যোগ দিয়েছে সেখানে ‘আলিয়াহ অ্যান্ড ইন্টিগ্রেশন’ (অভিবাসন ও একীভূতকরণ) মন্ত্রণালয় চেয়ে এসেছেন এবং এ মন্ত্রণালয়টি দীর্ঘদিন ধরে ইসরাইল বেইতেনুর সাথে সম্পৃক্ত। তবে এই দুটি পদের কোনোটির নিয়োগই এখনো নিশ্চিত হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে দ্য ডেমোক্র্যাটস জানিয়েছে, 'নেতানিয়াহুর সাথে ঐক্য সরকার প্রতিষ্ঠার আলোচনায় অগ্রগতি, লিকুদের সাথে সম্পাদিত সমঝোতা এবং একই সময়ে পরিবর্তনের সরকার গঠনের আলোচনায় অচলাবস্থার প্রেক্ষাপটে' এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

ইয়াইর গোলান এবং আইজেনকোটের নেতৃত্বাধীন দল দুটির আলোচক প্রতিনিধিদের মধ্যকার এক বৈঠকের পর এই ঘোষণা আসে; ওই বৈঠকে ইয়াশার প্রতিনিধিদের জানিয়ে দেয়া হয় যে একটি সংকট তৈরি হয়েছে এবং উভয় পক্ষের সাথে সমান্তরালভাবে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়।

বৈঠকে স্পষ্ট বার্তা দেয়া হয় : 'আপনারা যদি লিকুদের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েই থাকেন, তবে আমাদের সাথে বৈঠক করার কোনো অর্থ নেই। আগে ওই আলোচনা শেষ করুন এবং তারপর আমাদের কাছে ফিরে আসুন, অথবা আসবেন না। আপনারা একসাথে দুই নৌকায় পা দিয়ে চলতে পারেন না।'

অন্যদিকে, গোলান সাম্প্রতিক দিনগুলোতে আইজেনকটের দল ও লিকুদের মধ্যকার আলোচনার তীব্র সমালোচনা করে লিখেছেন যে, এখন 'লিকুদের সাথে প্রহসনের আলোচনা বন্ধ করে সরকার গঠন করার সময় এসেছে। এর জন্য কেবল সাহসের প্রয়োজন। আসুন, আমরা তা করি।'

প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের দেওয়া সরকার গঠনের সময়সীমা বা ম্যান্ডেটের আর মাত্র ১২ দিন বাকি আছে আইজেনকোটের হাতে; সাপ্তাহিক ছুটির দিনগুলো বাদ দিলে কার্যকর কর্মদিবস রয়েছে মাত্র আট দিন। 

যদিও আইজেনকোট ঘোষণা করেছেন যে তিনি সময় বাড়ানোর আবেদন করবেন না, তবে পরিবর্তন জোটের ভেতরে প্রচলিত মূল্যায়ন হলো—সরকার গঠনের জটিল প্রক্রিয়াগত বাধ্যবাধকতার কারণেই হার্জগের কাছে আরো ১৪ দিন সময় চাওয়া ছাড়া তার সামনে আর কোনো বিকল্প থাকবে না।