ইসরায়েলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকট

ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় প্রথম জোটসঙ্গী পেয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। তাঁর নেতৃত্বাধীন ইয়াশার পার্টি ডানপন্থী বিরোধী দল আওয়ার হোম পার্টির সঙ্গে জোট গঠনে সম্মত হয়েছে। গত অক্টোবরের নির্বাচনের পর সরকার গঠনের পথে এটিই প্রথম আনুষ্ঠানিক জোটের উদ্যোগ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইয়াশার পার্টি জানায়, দলটির নেতা আইজেনকট আওয়ার হোম পার্টির প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠকের পর জোট চুক্তিতে সই করতে সম্মত হয়েছেন।

নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। ফলে ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই শপথ নেয় ইসরায়েলের পার্লামেন্ট নেসেট।

নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকটকে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। গত ২৭ অক্টোবরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালেও বেনিয়ামিন নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাঁকে সরকার গঠনের উদ্যোগ সফল করতে হবে। প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। আইজেনকট ব্যর্থ হলে নেতানিয়াহুকে সরকার গঠনের সুযোগ দেওয়া হবে। তাঁরাও ব্যর্থ হলে আগামী বছর আবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরব দলগুলোর সমর্থন নিয়ে জটিলতা

আইজেনকটের ইয়াশার পার্টি নির্বাচনে ২১টি আসন পেয়েছে। অন্যদিকে লিবারম্যানের আওয়ার হোম পার্টি পেয়েছে সাতটি আসন। তবে তাঁদের এই জোটের উদ্যোগ অনেকের কাছে অপ্রত্যাশিত। কারণ, আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের বিরোধিতা করে আসছেন লিবারম্যান। নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়েও তাঁর আপত্তি রয়েছে।

একসময় নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন লিবারম্যান। তবে পরে তিনি নেতানিয়াহুর কড়া সমালোচকে পরিণত হন।

নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি অতি ডানপন্থী ও অতি রক্ষণশীল ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট করে নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো ফল করলেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি। বর্তমানে নেসেটের ১২০টি আসনের মধ্যে এই জোটের দখলে রয়েছে ৫৩টি।

অন্যদিকে আইজেনকটের মধ্য-ডানপন্থী ইয়াশার পার্টি এবং লিবারম্যানসহ সম্ভাব্য জোটসঙ্গীদের আসনসংখ্যা ৪৮। তবে ইসরায়েলের আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন পাওয়ার সুযোগ রয়েছে তাঁদের। এসব দলের হাতে রয়েছে ১৯টি আসন। নেতানিয়াহুর বিরোধিতার প্রশ্নে তারা আইজেনকটের অবস্থানের সঙ্গে অনেকটাই একমত।

জাতীয় ঐক্যের সরকার নিয়েও আলোচনা

সরকার গঠনের জন্য আইজেনকট তাঁর ‘চেঞ্জ ব্লক’-এর কয়েকটি শরিক দলের পাশাপাশি লিকুদ পার্টির সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছেন। নেতানিয়াহুকে অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

তবে এই আলোচনা নিয়ে বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির আপত্তি রয়েছে। দলটি পার্লামেন্টে আটটি আসন পেয়েছে। আইজেনকটের সঙ্গে নেতানিয়াহুর লিকুদ পার্টির সম্ভাব্য ঐক্য সরকার নিয়ে আলোচনা শুরু হওয়ার পর দলটি তাঁর সঙ্গে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে।

ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়াইর গোলান বলেন, নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোর অংশগ্রহণে সরকার গঠনকেই তিনি বেশি পছন্দ করেন।

সূত্র: আল-জাজিরা