মশা নিধন ছাড়াই ডেঙ্গু প্রতিরোধের নতুন পদ্ধতি, ব্রাজিলে সফল পরীক্ষা

ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন বা মশার কামড় এড়িয়ে চলার প্রচলিত পদ্ধতির বাইরে নতুন এক কৌশলে সাফল্য পেয়েছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। তাঁরা ক্ষতিকর ভাইরাসের বিস্তার কমাতে মশার শরীরে ক্ষতিকর নয়—এমন একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া প্রবেশ করিয়েছেন। গবেষণায় দেখা গেছে, এ পদ্ধতিতে ডেঙ্গুর সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ কমানো সম্ভব হয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরেন বিজ্ঞানীরা। ব্রাজিলের ডেঙ্গুপ্রবণ একটি শহরে কয়েক হাজার শিশুর ওপর পরিচালিত এ গবেষণায় আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে।

গবেষণার অংশ হিসেবে বিজ্ঞানীরা লাখ লাখ এডিস মশার শরীরে প্রাকৃতিকভাবে পাওয়া যায় এমন এক ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করান। এর নাম উলবাখিয়া (Wolbachia)। এই ব্যাকটেরিয়া মশার শরীরে ডেঙ্গুর মতো ভাইরাসের বংশবৃদ্ধি ও বিস্তার কঠিন করে তোলে। ফলে মশার মাধ্যমে মানুষের মধ্যে ভাইরাস ছড়ানোর ঝুঁকি কমে যায়।

মানুষের শরীরে কোনো ক্ষতি না করেই মশার মাধ্যমে ছড়ানো রোগের বিস্তার ঠেকানোর এই পদ্ধতি নতুন সম্ভাবনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে গবেষণার ফল প্রকাশিত হলো। ধারণা করা হচ্ছে, ১৯৪০-এর দশকের পর দেশটিতে এটিই ডেঙ্গুর অন্যতম বড় প্রাদুর্ভাব।

ব্রাজিলের গবেষণায় যুক্ত না থাকা বোস্টন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডেভিড হ্যামার এ ফলাফলকে অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, আরও বেশি উলবাখিয়া বহনকারী মশা ব্যবহার করা গেলে অনেক এলাকায় ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

কীভাবে পরিচালিত হলো গবেষণা

২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তেতে এ গবেষণা পরিচালিত হয়। এতে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের গবেষকেরা অংশ নেন।

গবেষকেরা এডিস ইজিপ্টাই প্রজাতির মশার শরীরে উলবাখিয়া ব্যাকটেরিয়া প্রবেশ করান। এ প্রজাতির মশাই ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও হলুদ জ্বরের ভাইরাস ছড়ায়। কীটপতঙ্গের প্রায় ৫০ শতাংশের শরীরে প্রাকৃতিকভাবে উলবাখিয়া থাকলেও এডিস ইজিপ্টাই মশার শরীরে সাধারণত এই ব্যাকটেরিয়া থাকে না।

ব্যাকটেরিয়াবাহী মশাগুলো নির্দিষ্ট এলাকায় ছেড়ে দেওয়ার পর গবেষকেরা দৈবচয়নের ভিত্তিতে ৫ হাজার ৭০০ শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেন। যেসব এলাকায় উলবাখিয়াযুক্ত মশা ছাড়া হয়েছিল, সেখানকার শিশুদের পাশাপাশি সাধারণ কীটনাশক ব্যবহার করা হয়েছে—এমন এলাকার শিশুদেরও পরীক্ষার আওতায় আনা হয়।

শুধু ডেঙ্গুর উপসর্গ নয়, মশা, টিক ও বালিমাছির মাধ্যমে ছড়ানো অন্যান্য রোগেরও পরীক্ষা করা হয়। এর উদ্দেশ্য ছিল, উপসর্গ না থাকলেও আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করা।

গবেষণায় দেখা যায়, উলবাখিয়াযুক্ত মশা ছাড়া হয়েছে এমন এলাকায় নিয়মিত রক্ত পরীক্ষায় ৪ শতাংশ নমুনায় ডেঙ্গুর উপস্থিতি পাওয়া গেছে। অন্য এলাকাগুলোতে এ হার ছিল ১৪ শতাংশ। সব মিলিয়ে ডেঙ্গুর সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ এবং চিকুনগুনিয়ার সংক্রমণ ৭৩ দশমিক ৩ শতাংশ কমেছে।

বিশ্বে ডেঙ্গু সংক্রমণের অন্যতম বড় কেন্দ্র ব্রাজিল। দেশটিতে বিশ্বব্যাপী মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় ১০ শতাংশ ঘটে। গবেষণা চলাকালে ঘনবসতিপূর্ণ বেলো হরিজন্তে শহরে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। এমন পরিস্থিতিতেও উলবাখিয়া পদ্ধতির কার্যকারিতা গবেষণার ফলাফলে উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের সম্মেলনে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।

উলবাখিয়া পদ্ধতি কি একেবারেই নতুন?

না। উলবাখিয়া পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছে ওয়ার্ল্ড মসকিউটো প্রোগ্রাম (ডব্লিউএমপি)। ২০০০-এর দশকের মাঝামাঝি সময় থেকে সংস্থাটি বিভিন্ন দেশে এ পদ্ধতিতে মশা ছাড়ার কার্যক্রম পরিচালনা করছে।

কলম্বিয়ার আবুরা উপত্যকা এবং ব্রাজিলের নিতেরোই শহরসহ বিভিন্ন এলাকায় এ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। এসব এলাকার সম্মিলিত জনসংখ্যা প্রায় ৪৫ লাখ। সংস্থাটির হিসাবে, গবেষণার আওতায় থাকা প্রায় ১০ লাখ মানুষের মধ্যে ডেঙ্গু সংক্রমণ ৯২ শতাংশ কমেছে।

গবেষকদের মতে, উলবাখিয়া পদ্ধতির একটি বড় সুবিধা হলো, এটি দীর্ঘ সময় কার্যকর থাকতে পারে। কীটনাশক ছিটিয়ে মশা নিধনের তুলনায় এ পদ্ধতি পরিবেশের জন্যও কম ক্ষতিকর হতে পারে। কারণ, কীটনাশক প্রয়োগ ব্যয়বহুল হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

ডব্লিউএমপির গবেষকেরা স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকায় পূর্ণবয়স্ক মশা ছেড়েছেন। কোথাও আবার খাবার সরবরাহের বাক্সে মশার ডিম রেখে দেওয়া হয়েছে, যাতে সেগুলো থেকে মশা জন্ম নিয়ে স্থানীয় মশার সঙ্গে মিশে যায়।

গবেষকদের লক্ষ্য হলো, সময়ের সঙ্গে সঙ্গে উলবাখিয়াযুক্ত মশার সংখ্যা বাড়ানো এবং এলাকায় তাদের একটি স্থায়ী জনগোষ্ঠী তৈরি করা।

তবে সিঙ্গাপুরে উলবাখিয়া ব্যবহার করে ভিন্ন একটি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। ২০১৬ সাল থেকে দেশটির কর্তৃপক্ষ পুরুষ মশা ছেড়ে বন্য স্ত্রী মশার সংখ্যা কমানোর চেষ্টা করছে। উলবাখিয়াযুক্ত পুরুষ মশার সঙ্গে স্ত্রী মশার মিলনের পর যে ডিম তৈরি হয়, সেগুলো থেকে সাধারণত মশার বাচ্চা জন্মায় না। ফলে ধীরে ধীরে মশার সংখ্যা কমে আসে।

রোগ প্রতিরোধে মশাকে ব্যবহার নিয়ে আরও গবেষণা

শুধু ডেঙ্গু নয়, মশাকে ব্যবহার করে অন্য রোগ প্রতিরোধের সম্ভাবনা নিয়েও গবেষণা চলছে। আফ্রিকার বিভিন্ন দেশে ম্যালেরিয়া একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে এ রোগ ছড়ায়। শিশু ও গর্ভবতী নারীরা ম্যালেরিয়ায় বেশি ঝুঁকিতে থাকেন।

২০২৪ সালে নেদারল্যান্ডসের লেইডেন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার ও রাডবাউড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মশার মাধ্যমে ম্যালেরিয়ার টিকা দেওয়ার একটি পদ্ধতি পরীক্ষা করেন।

এ জন্য তাঁরা মশার শরীরে ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের পরিবর্তিত একটি ধরন প্রবেশ করান। এই জীবাণু মানুষের ম্যালেরিয়ার সবচেয়ে মারাত্মক ধরনগুলোর একটি সৃষ্টি করে।

পরীক্ষায় মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে জীবাণুর পরিবর্তিত ধরন প্রবেশ করিয়ে যকৃতে রোগ প্রতিরোধক্ষমতা তৈরির চেষ্টা করা হয়। গবেষণায় অংশ নেওয়া একটি দলের ৮০ শতাংশের মধ্যে রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছিল। তবে মাত্র ২০ জনের ওপর পরীক্ষা চালানোয় ফলাফলকে বৃহত্তর জনগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য বলে বিবেচনা করা যায়নি। দীর্ঘ মেয়াদে এ পদ্ধতি প্রচলিত টিকার চেয়ে বেশি কার্যকর বা টেকসই হবে কি না, তা-ও নিশ্চিত নয়।

এর আগে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের গবেষকেরা ২৬ জনের ওপর একই ধরনের একটি ছোট পরীক্ষা চালান। তাতে পদ্ধতিটির কার্যকারিতা পাওয়া যায় ৫০ শতাংশ।

এ ছাড়া ২০১০ সালে জাপানের বিজ্ঞানীরা মশার শরীরে লিশম্যানিয়াসিস রোগের বিরুদ্ধে কার্যকর টিকা বহনের উপযোগী পরিবর্তন আনেন। সাধারণত বালিমাছির মাধ্যমে ছড়ানো এ পরজীবী রোগের বিরুদ্ধে পরীক্ষায় ইঁদুরের শরীরে রোগ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছিল।

সব মিলিয়ে মশাকে শুধু রোগ ছড়ানোর বাহক হিসেবে নয়, বরং রোগ প্রতিরোধের মাধ্যম হিসেবেও ব্যবহারের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এসব পদ্ধতির দীর্ঘমেয়াদি কার্যকারিতা, নিরাপত্তা ও বিস্তৃত প্রয়োগযোগ্যতা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

সূত্র: আল-জাজিরা