জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ আছে, দাবি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ জানুয়ারির শেষ পর্যন্ত চালানোর মতো অর্থ বরাদ্দ রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা যুদ্ধ বন্ধের চেষ্টা করলে তা যুক্তরাষ্ট্রের কথিত বিজয়কে পরাজয়ে পরিণত করবে বলে সতর্ক করেছেন তিনি।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে তাঁর প্রশাসনের ওপর সীমাবদ্ধতা আসতে পারে। তবে বিরোধী দল যুদ্ধ দ্রুত বন্ধের উদ্যোগ নেবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা যদি যুদ্ধ বন্ধের চেষ্টা করে, তাহলে তারা যুক্তরাষ্ট্রের একটি বড় বিজয়কে পরাজয়ে পরিণত করবে। তাঁর দাবি, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং দেশটির নেতৃত্ব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময় যুদ্ধ শেষ করতে পারে।

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর সামরিক অভিযান চালানোর সময়সীমা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, বিরোধী দল বিজয়কে পরাজয়ে পরিণত করবে—এমনটা তাঁর বিশ্বাস করা কঠিন। তবে জানুয়ারির শেষ পর্যন্ত যুদ্ধ চালানোর মতো অর্থায়ন রয়েছে বলে জানান তিনি।

সাক্ষাৎকারে ইসরায়েলের লক্ষ্য নিয়েও কথা বলেন ট্রাম্প। ইরানের ইসলামি প্রজাতন্ত্রের অবসান ঘটানোর লক্ষ্য অর্জন সম্ভব কি না, এমন প্রশ্নে তিনি বলেন, সেটি সম্ভবত করা যেতে পারে। তবে এটি তাঁর নিজের লক্ষ্য নয় বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, তাঁর মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। ইরানে সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে তিনি কখনো অবস্থান নেননি; এটি তাঁর বিবেচনার বিষয়ও ছিল না।

সূত্র: আল-জাজিরা