রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, পুতিনের পাল্টা জবাবের হুঁশিয়ারি

ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা বন্ধ রাখার অনুরোধও কিয়েভ উপেক্ষা করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জবাবে রাশিয়ার পাল্টা পদক্ষেপ নেওয়া অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্রেমলিনে সরকারি কর্মকর্তা ও জ্বালানি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে পুতিন এ কথা বলেন। এর আগে ইউক্রেন জানিয়েছিল, মস্কো রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধ করলেই কেবল কিয়েভ একই পদক্ষেপ নেবে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। গত অক্টোবরের মাঝামাঝি ট্রাম্প জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধের একটি সমঝোতার কথা জানান। এরপর রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা কিছুটা কমে এলেও অক্টোবরের শেষ দিকে তা আবার বেড়ে যায়।

পুতিন বলেন, মার্কিন প্রেসিডেন্টের অনুরোধ সত্ত্বেও কিয়েভ রাশিয়ার তেল পরিশোধনাগারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের কর্তৃপক্ষ এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরামর্শ উপেক্ষা করছে।

তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে রাশিয়ার পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া অনিবার্য। একই সঙ্গে জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃত দুটি শিল্প খাতের সূত্রের হিসাব অনুযায়ী, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর সম্মিলিত অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পরিমাণ ৪৫ শতাংশ কমেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ও কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন করে তেল শোধনাগারগুলোতে হামলা বাড়ায় রাশিয়ার কয়েকটি অঞ্চলে খুচরা পর্যায়ে পেট্রল ও ডিজেল বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

পুতিন বলেছেন, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারে পরিস্থিতি এখনো কঠিন। তবে অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর পেট্রলের দাম স্থিতিশীল হয়েছে।

যুদ্ধের উত্তেজনা ছড়াচ্ছে ইউরোপের অন্য দেশেও

এদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপের অন্য দেশগুলোর সঙ্গেও রাশিয়ার উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার পোল্যান্ড অভিযোগ করেছে, রাশিয়ার একটি নজরদারি ড্রোন ইচ্ছাকৃতভাবে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। ড্রোনটি অল্প সময়ের জন্য পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছিল বলে জানিয়েছে দেশটি।

কিয়েভ থেকে আলজাজিরার প্রতিবেদক আবদেলআজিজ মুজাহিদ বলেন, এ ঘটনা ইঙ্গিত দিতে পারে যে যুদ্ধ ও এ-সংক্রান্ত সংঘাত আরও বিস্তৃত হচ্ছে।

এর আগে সোমবার এস্তোনিয়ার বিরুদ্ধে একাধিক শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তোলে মস্কো। রাশিয়ার অভিযোগ, এসব কর্মকাণ্ড সরাসরি যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে। এর আগে এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে স্থলসীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছিল। এস্তোনিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য।

এ ছাড়া পোল্যান্ড জানিয়েছে, গত শুক্রবার রাশিয়ার তিনটি খ-১০১ ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে এসে পড়েছে। শনিবার বাল্টিক সাগরে সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি রুশ পণ্যবাহী জাহাজ ড্রোন হামলার শিকার হয়ে আগুন ধরে যায়। ইউক্রেন এ হামলার দায় স্বীকার করেছে।

রোববার লিবিয়ার একটি বন্দরে সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি নৌবাহিনীর করভেট যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, এটি আত্মরক্ষার বৈধ পদক্ষেপ। তবে লিবিয়ার রাজধানী ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এ ঘটনার সমালোচনা করেছে।

অন্যদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে বস্তুগত সহায়তা দেওয়া যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলোকে রাশিয়ার সম্ভাব্য নাশকতামূলক তৎপরতার বিষয়ে সতর্ক করেছে ব্রিটিশ নিরাপত্তা কর্মকর্তারা। মঙ্গলবার তাঁরা এসব প্রতিষ্ঠানকে সতর্ক থাকার পরামর্শ দেন।

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, আহত ৪০

এদিকে ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে রাতভর রাশিয়ার হামলায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন অঞ্চলটির গভর্নর মিখাইলো সেমিকিন।

তিনি জানান, হামলায় চার শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। তাঁর টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ছবি ও ভিডিওতে একটি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন দেখা গেছে। ভবনটির জানালাগুলো ভেঙে গেছে এবং আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মঙ্গলবার রুশ বাহিনী ইউক্রেনের সুমি অঞ্চলে ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্র, স্টারলিংক স্যাটেলাইট টার্মিনালসহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের কয়েকজন সেনাসদস্য নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা