ভারত-ইসরায়েল সম্পর্কের গভীরতার রহস্য কী?

গত তিন বছর ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের অনীহার সমালোচনা করে আসছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। তবে গত সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে তুলনামূলক ভিন্ন অবস্থান তুলে ধরেছেন কংগ্রেসের কার্যত শীর্ষ নেতা রাহুল গান্ধী।

তিনি গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের নিন্দা জানালেও বলেছেন, ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্কের পক্ষে তিনি। তাঁর ভাষায়, ভারতের কৌশলগত স্বার্থ রয়েছে এবং সশস্ত্র বাহিনীর জন্য সেরা অস্ত্র কেনাও এর অংশ।

রাহুল গান্ধীর এই বক্তব্যে কংগ্রেসের কয়েকটি মিত্র দল, বিশেষ করে বামপন্থীদের একাংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, তাঁর বক্তব্য ভারত ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা কৌশলগত সম্পর্কের গভীরতাই তুলে ধরেছে। সম্পর্কটি বিতর্কিত হলেও দুই দেশের কাছেই গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদির আমলে এই সম্পর্ক অনেক বিস্তৃত হয়েছে। তবে এর ভিত্তি শুধু তাঁর হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারের সময় তৈরি হয়নি। ফলে মোদি সরকারের মেয়াদ শেষ হলেও সম্পর্কটি টিকে থাকার সম্ভাবনা রয়েছে।

অস্ত্র কেনাবেচা, নজরদারি প্রযুক্তি, পুলিশি কার্যক্রম ও সাইবার হ্যাকিং—বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েলের ওপর ভারতের নির্ভরতা বেড়েছে। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এলেও এই সহযোগিতার সম্পর্ক থেকে বেরিয়ে আসা সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা।

চলতি মাসে অলাভজনক সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের (আইএফএফ) এক অনুসন্ধানে বলা হয়েছে, ইসরায়েলের তৈরি ফোন হ্যাক করার প্রযুক্তি কেনার অনুমতি দিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশটির নিজস্ব নিয়ম শিথিল করেছেন।

এর আগেও এ ধরনের ঘটনা সামনে এসেছে। ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায়, ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাংবাদিক সিদ্ধার্থ ভারাদারাজন ও আনন্দ মঙ্গলালের ফোনে এই স্পাইওয়্যারের সংক্রমণের প্রমাণ পায়। তবে অনুমতি ছাড়া নজরদারির অভিযোগ অস্বীকার করে ভারত সরকার।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনা ইসরায়েলের প্রযুক্তির ওপর ভারতের নির্ভরতার বিষয়টি সামনে এনেছে। গবেষক ও লেখক আজাদ এশা আলজাজিরাকে বলেন, ভারতের সঙ্গে ইসরায়েলের সহযোগিতার ক্ষেত্রে বরাবরই গোয়েন্দা তথ্য সংগ্রহ, সীমান্ত ব্যবস্থাপনা এবং ভিন্নমত নিয়ন্ত্রণে ইসরায়েলি পদ্ধতি পরীক্ষা ও ব্যবহারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এশার লেখা *Hostile Homelands* বইয়ে ভারত-ইসরায়েল জোটের বিস্তারের বিষয়টি তুলে ধরা হয়েছে। তিনি বলেন, একপর্যায়ে ইসরায়েলের পণ্য ও পদ্ধতি ভারতীয়দের বিরুদ্ধেও ব্যবহার করা হবে, এমনকি কৃষকদের ক্ষেত্রেও—এটি ছিল সময়ের ব্যাপার মাত্র।

ভারতের রাজধানী দিল্লির প্রতিবেশী হরিয়ানা রাজ্যের সরকারও ছয় বছর ধরে ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনীর কৌশল অনুসরণের চেষ্টা করেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দিল্লিমুখী কৃষকদের মিছিলে রাজ্য পুলিশ ড্রোন ব্যবহার করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

নজরদারির বাইরেও বিস্তৃত সামরিক সহযোগিতা

ফোনে নজরদারির প্রযুক্তি ভারত-ইসরায়েল সম্পর্কের সর্বশেষ সংযোজন। দুই দেশের সহযোগিতার বড় অংশ জুড়ে রয়েছে ভারতের প্রতিরক্ষা শিল্প। ২০১৪ সাল থেকে ইসরায়েলের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র ক্রেতায় পরিণত হয়েছে ভারত। ইসরায়েলের মোট অস্ত্র রপ্তানির প্রায় ৩৭ শতাংশ যায় দেশটিতে।

এই সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশীদার ভারতের আদানি গ্রুপ। ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন এই শিল্পগোষ্ঠীকে মোদির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা হয়।

২০১৬ সালে আদানি গ্রুপ ইসরায়েলের এলবিট সিস্টেমসের সঙ্গে যৌথ উদ্যোগে হায়দরাবাদে হারমিস-৯০০ ড্রোন তৈরির কারখানা স্থাপন করে। ইসরায়েলের বাইরে এটিই ছিল এ ধরনের প্রথম উৎপাদনকেন্দ্র। ২০২০ সাল থেকে ইসরায়েল উইপন ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথভাবে নেগেভ মেশিনগানের যন্ত্রাংশ প্রস্তুতকারী বিএলআর সিস্টেমসে ৫১ শতাংশ মালিকানা রয়েছে আদানির।

২০২৩ সালের জানুয়ারিতে আদানি গ্রুপ ও ইসরায়েলের গাডোট যৌথভাবে ১১৫ কোটি ডলারে হাইফা বন্দর কেনে। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আজাদ এশার মতে, ভারত ক্রমেই ইসরায়েলি কোম্পানিগুলোর উৎপাদন ও সরবরাহের কেন্দ্র হয়ে উঠছে।

নয়াদিল্লিভিত্তিক স্বাধীন গবেষক অশুতোষ সিংও একই ধরনের মত দিয়েছেন। তাঁর মতে, ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আড়ালে ভারতের পুঁজি কীভাবে ইসরায়েলের সামরিক অবকাঠামোর সঙ্গে যুক্ত হচ্ছে, তার বড় উদাহরণ হায়দরাবাদের কারখানা। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির লক্ষ্য হলো দেশের ভেতরে উৎপাদন বাড়ানো।

তবে এ বিষয়ে সতর্ক করেছেন নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক নিকোলাস ব্লারেল। তিনি বলেন, হায়দরাবাদে মূলত ইসরায়েলের নকশায় তৈরি ড্রোনের শেষ পর্যায়ের সংযোজন করা হয়। প্রকৃতপক্ষে কতটা প্রযুক্তি ভারতের সঙ্গে ভাগাভাগি করা হয়েছে, তা স্পষ্ট নয়।

তবে তাঁর মতে, ২০২৩ সালের শেষ ভাগ ও ২০২৪ সালের শুরুর দিকে ইসরায়েলে এসব ড্রোনের চালান পাঠানো হয়েছিল। ওই সময় গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ড্রোনের কয়েকটি মডেল ব্যবহার করা হচ্ছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত ৩০ জুলাই প্রকাশিত ‘মেড ইন ইন্ডিয়া’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো থেকে ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ২ হাজার ৫৯৬টি চালান পাঠানো হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়।

প্রতিবেদনে নয়টি ভারতীয় প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান পুরোপুরি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন। অ্যামনেস্টির দাবি, এসব প্রতিষ্ঠান অস্ত্র রপ্তানি করার অর্থ হলো ভারত রাষ্ট্র নিজেই ইসরায়েলে অস্ত্র সরবরাহ করছে।

পরদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কৌশলগত পণ্য বাণিজ্যের ক্ষেত্রে ভারতের শক্তিশালী আইনি কাঠামো রয়েছে। তবে তিনি অ্যামনেস্টির অভিযোগের সরাসরি জবাব দেননি।

কেন ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনে ভারত

বিশ্লেষকদের মতে, ভারত কেন ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনে, তার উত্তর শুধু প্রযুক্তিগত উৎকর্ষে সীমাবদ্ধ নয়। এর বড় কারণ হলো, অস্ত্র বিক্রির ক্ষেত্রে ইসরায়েল সাধারণত ভারতের ওপর কঠোর শর্ত আরোপ করে না।

থিংকট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের কাবির তানেজার মতে, প্রতিরক্ষা সহযোগিতাই ভারত-ইসরায়েল সম্পর্কের মূল ভিত্তি। পশ্চিমা কোনো দেশ ভারতকে অস্ত্র বা সামরিক সরঞ্জাম বিক্রি করলেও সেগুলোর সঙ্গে ভারতীয় প্রযুক্তি যুক্ত করার জন্য প্রয়োজনীয় সোর্স কোড দিতে রাজি নাও হতে পারে। কিন্তু ইসরায়েল এ ধরনের সীমাবদ্ধতা দূর করতে আগ্রহী।

উদাহরণ হিসেবে তিনি রাশিয়ার তৈরি ইল-৭৬ উড়োজাহাজে ইসরায়েলের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনের কথা উল্লেখ করেন।

তানেজা আলজাজিরাকে বলেন, প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে ইসরায়েল অনেকটা এমন একটি বড় বিপণিকেন্দ্রের মতো, যেখান থেকে প্রয়োজনীয় প্রযুক্তি কিনে নিজেদের মতো ব্যবহার করা যায়। প্রযুক্তি কীভাবে ব্যবহার করতে হবে, সে বিষয়ে সাধারণত কঠোর শর্ত থাকে না।

তিনি ভারতের ব্যবহৃত ইসরায়েলি ড্রোনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা এমকিউ-৯ ড্রোনের তুলনা করেন। পাকিস্তান সীমান্তে ভারত ইসরায়েলি ড্রোন ব্যবহার করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা এমকিউ-৯ ড্রোনগুলো অস্ত্রবিহীন অবস্থায় সরবরাহ করা হয় এবং সেগুলোর ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।

নিকোলাস ব্লারেলের মতে, ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় থেকেই ইসরায়েলের ওপর ভারতের আস্থা তৈরি হয়। ওই সময় ভারতের পারমাণবিক পরীক্ষার পর কয়েকটি দেশ অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা দিলেও ইসরায়েল খুচরা যন্ত্রাংশ ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছিল।

ব্লারেল বলেন, ইসরায়েল নিষেধাজ্ঞার বিষয়টি খুব একটা গুরুত্ব দেয়নি এবং অস্ত্র সরবরাহের ক্ষেত্রে কোনো শর্তও আরোপ করেনি। কংগ্রেস ও বিজেপি—দুই দলই বিষয়টি লক্ষ করেছে।

পশ্চিমা দেশগুলো যেসব প্রযুক্তি সরবরাহে অনীহা দেখিয়েছে, ইসরায়েল সেগুলোও ভারতকে দিয়েছে। পাশাপাশি ইসরায়েলি সামরিক সরঞ্জাম রাশিয়ার তৈরি অস্ত্রের সঙ্গে ব্যবহার করা যায়। ভারতের সামরিক সরঞ্জামের বড় অংশই রুশ প্রযুক্তিনির্ভর।

ব্লারেলের ভাষ্য, ইসরায়েলি কোম্পানিগুলো ভারতের সঙ্গে প্রযুক্তি ভাগাভাগি ও যৌথভাবে কাজ করার ক্ষেত্রে তুলনামূলক বেশি আগ্রহ দেখিয়েছে।

ভারতের লক্ষ্য এখন শুধু অস্ত্র কেনা নয়, বরং নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়ানো। কাবির তানেজার মতে, ভারত এখন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে বলছে, দেশটিতে ব্যবসা করতে হলে উৎপাদনের বড় একটি অংশ স্থানীয়ভাবে করতে হবে। হায়দরাবাদের কারখানা এ লক্ষ্য পূরণে সহায়তা করছে।

অন্যদিকে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর কাছে এটি মূলত বাণিজ্যিক উদ্যোগ। তানেজার মতে, ব্যবসায়িক লাভ না থাকলে ইসরায়েলি কোম্পানিগুলো ভারতে আসবে না। অর্থাৎ ইসরায়েলের কাছ থেকে এখনই অস্ত্র কিনে পরবর্তী সময়ে সেগুলোর উৎপাদন দেশে স্থানান্তরের সুযোগ পাচ্ছে ভারত।

সম্পর্কের পেছনে আদর্শ, নাকি কৌশলগত স্বার্থ

ভারত-ইসরায়েল সম্পর্কের পেছনে আদর্শিক কারণ কতটা কাজ করছে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে।

আজাদ এশার মতে, দুই দেশের সম্পর্ক থেকে আদর্শ ও কৌশলগত স্বার্থকে আলাদা করা যায় না। তাঁর ভাষায়, দুই দেশই নিজেদের এমন সভ্যতাভিত্তিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে, যারা অস্তিত্বের সংকটে রয়েছে এবং মুসলিমদের দ্বারা ঘেরাও হয়ে পড়ার ধারণাকে গুরুত্ব দেয়। হিন্দুত্ববাদ ও জায়নবাদের মধ্যকার আদর্শিক সাদৃশ্যও এই সম্পর্কের ভিত্তি শক্তিশালী করেছে।

হিন্দুত্ববাদ হলো বিজেপি ও দলটির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনৈতিক দর্শন। ভারতের সংবিধান দেশটিকে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করলেও আরএসএস ভারতকে হিন্দুরাষ্ট্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জনসমর্থনের বিষয়টি তুলে ধরেছেন। অধিকৃত পশ্চিম তীরে গত মে মাসে এক সম্মেলনে তিনি বলেন, বিশ্বে ইসরায়েলের গ্রহণযোগ্যতা নিয়ে সমস্যা থাকলেও ভারতে তেমনটি নেই। দেশটিতে ইসরায়েলের প্রতি ব্যাপক ভালোবাসা রয়েছে এবং অন্য যেকোনো দেশের তুলনায় ভারতে তাঁর অনুসারীর সংখ্যা বেশি বলে মনে করেন তিনি।

তবে কাবির তানেজা এই সম্পর্কের পেছনে আদর্শিক কারণকে প্রধান বলে মনে করেন না। তাঁর মতে, সম্পর্কটি মূলত লেনদেন ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নিরাপত্তাঝুঁকিতে থাকা একটি দেশ হিসেবে ভারত যেখান থেকে প্রয়োজনীয় সহায়তা পাবে, সেখান থেকেই তা নিতে চাইবে। ফ্রান্স যদি একই ধরনের সুবিধা দেয়, তাহলে ভারত তাদের সঙ্গে সম্পর্ক গড়তেও দ্বিধা করবে না।

ব্লারেল মনে করেন, আদর্শিক সম্পর্কের যুক্তিরও কিছু ভিত্তি রয়েছে। আরএসএসের প্রতিষ্ঠাতা-চিন্তাবিদ ভিনায়ক দামোদর সাভারকর ও এম এস গোলওয়ালকর ইসরায়েলকে আদর্শ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে তাঁরা নাৎসি জার্মানির প্রতিও আগ্রহ দেখিয়েছিলেন। ব্লারেলের মতে, বিভিন্ন রাষ্ট্রের মডেলকে নিজেদের প্রয়োজনে ব্যবহারের প্রবণতা থেকেই এমন অবস্থান তৈরি হয়েছিল। তবে নেতানিয়াহুর সঙ্গে মোদির ব্যক্তিগত ঘনিষ্ঠতা গোপন নয়।

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেন, ভারত সরকার কখনো স্পষ্ট করেনি যে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতার পেছনে আদর্শিক নাকি কৌশলগত কারণ কাজ করছে। প্রতিরক্ষার জন্য ইসরায়েলের ওপর নির্ভর করা বোধগম্য হলেও মোদির ঘনিষ্ঠতার পেছনে কোনো আদর্শিক মিল রয়েছে কি না, তা জনগণকে জানানো হয়নি।

মোদির আগেও ছিল ভারত-ইসরায়েলের গোপন সহযোগিতা

ভারত ও ইসরায়েলের কৌশলগত সম্পর্ক কিংবা সামরিক সহযোগিতা মোদির আমলে শুরু হয়নি। এর ইতিহাস কয়েক দশকের পুরোনো।

১৯৪৭ সালে ফিলিস্তিন ভাগের বিষয়ে জাতিসংঘের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল ভারত। ১৯৪৯ সালে জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ পাওয়ার বিরুদ্ধেও অবস্থান নেয় দেশটি। তবে ১৯৫০ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয় ভারত। এরপর চার দশকের বেশি সময় দুই দেশের মধ্যে দূতাবাস না থাকলেও বোম্বেতে ইসরায়েলের একজন কনসালকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল।

প্রকাশ্য কূটনৈতিক দূরত্ব থাকলেও বিভিন্ন যুদ্ধের সময় দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা হয়েছে। ১৯৬২ সালে চীন ভারত আক্রমণ করলে গোপনে মর্টার ও উজি সাবমেশিনগান সরবরাহ করে ইসরায়েল। ইসরায়েলের একটি আর্কাইভ নথি অনুযায়ী, ভারত সরকার চেয়েছিল অস্ত্রগুলো এমন জাহাজে পাঠানো হোক, যাতে ইসরায়েলের পতাকা না থাকে। তবে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন এ অনুরোধ প্রত্যাখ্যান করেন।

১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশের কাছেই অস্ত্র সরবরাহ বন্ধ করে দিলে ভারতকে মর্টার দেয় ইসরায়েল। ১৯৭১ সালের যুদ্ধের সময় ইরানের শাহ রেজা পাহলভির জন্য নির্ধারিত অস্ত্রও ভারতে পাঠানো হয়েছিল।

আজাদ এশার মতে, ১৯৬০-এর দশকের শেষ দিক থেকেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সঙ্গে কাজ করছিল। পরে ইসরায়েলের লেবানন সীমান্তের বেড়া নির্মাণ ও ব্যবস্থাপনার পদ্ধতি পর্যবেক্ষণ করে ভারত-শাসিত কাশ্মীরে সীমান্ত বেড়া নির্মাণের পরিকল্পনায় তা কাজে লাগানো হয়।

এসব সহযোগিতা চললেও ভারত ফিলিস্তিনের অধিকারের পক্ষে অবস্থান অব্যাহত রেখেছিল। ১৯৭৪ সালে প্রথম অনারব রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলওকে স্বীকৃতি দেয় ভারত। ১৯৮৮ সালে স্বীকৃতি দেয় ফিলিস্তিন রাষ্ট্রকেও।

ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে, যখন ভারতে কংগ্রেস ক্ষমতায় ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব রাজনীতিতে নিজেদের অবস্থান নতুন করে বিবেচনা করতে গিয়ে ভারত এই সিদ্ধান্ত নেয়।

১৯৯০-এর দশকের শেষ দিকে অটল বিহারি বাজপেয়ির নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরও ইসরায়েলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র ও আগাম সতর্কতামূলক উড়োজাহাজ কেনা অব্যাহত থাকে। পাশাপাশি যৌথভাবে অস্ত্র উৎপাদনের বিষয়েও আলোচনা শুরু হয়।

২০০৪ সালে কংগ্রেস আবার ক্ষমতায় ফেরার পর সম্পর্ক আরও এক ধাপ এগোয়। ২০০৬ সালে ৩৫ কোটি ডলারের চুক্তিতে বারাক-৮ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা যৌথভাবে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্য দিয়ে শুধু অস্ত্র কেনার সম্পর্ক থেকে প্রযুক্তি উন্নয়নে যৌথ সহযোগিতার দিকে অগ্রসর হয় দুই দেশ।

আজাদ এশার মতে, মোদির আমলে ভারত-ইসরায়েলের যে আদর্শিক সম্পর্ক আরও দৃশ্যমান হয়েছে, তার ভিত্তি তৈরি হয়েছিল আগের সরকারগুলোর সময়ে, যার মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারও রয়েছে।

২০১৪ সালের পর যে পরিবর্তন এসেছে

মোদির প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত-ইসরায়েল সম্পর্কের সবচেয়ে বড় পরিবর্তন ছিল এর প্রকাশ্য রূপ। এর আগে ভারত ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কিনলেও গোপন সফর ও ইসরায়েলের পতাকাবিহীন জাহাজে অস্ত্র পাঠানোর মতো ব্যবস্থা রাখা হতো। ২০১৪ সালের পর সেই গোপনীয়তা অনেকটাই কমে আসে।

২০১৪ সালের জুলাই ও আগস্টে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় ভারতের সংসদের উচ্চকক্ষে ইসরায়েলের নিন্দা জানিয়ে প্রস্তাব গ্রহণের উদ্যোগে সমর্থন দেয়নি মোদি সরকার। ২০১৫ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদে ওই অভিযানের জন্য জবাবদিহি নিশ্চিত করার প্রস্তাবে প্রথমবারের মতো ভোটদানে বিরত থাকে ভারত। ২০১৬ সালেও একই অবস্থান নেয় দেশটি।

২০১৭ সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন নরেন্দ্র মোদি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতেও তিনি দেশটি সফর করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার কয়েক দিন আগে।

২০২৪ সালের সেপ্টেম্বরে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের আবেদন নিয়ে করা একটি মামলার শুনানি করতে অস্বীকৃতি জানায় ভারতের সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য ছিল, পররাষ্ট্রনীতি নির্ধারণের বিষয়টি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।

নিকোলাস ব্লারেলের মতে, ১৯৭০-এর দশক থেকে ফিলিস্তিন বিষয়ে ভারতের অবস্থান বেশ স্পষ্ট ছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই অবস্থান কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে, যা বিজেপির জন্য সুবিধাজনক। মধ্যপ্রাচ্যের কূটনীতিকেরা ভারতের অবস্থান বুঝতে পারছেন না বলেও তিনি মনে করেন। তাঁর মতে, এ ক্ষেত্রে নৈতিক অবস্থানের স্পষ্টতার অভাব রয়েছে।

তবে কাবির তানেজা মনে করেন, ভারতের নীতিতে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। তাঁর ভাষ্য, ভারত এখনো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে এবং নিজেদের দায়িত্ব পালন করছে।

অন্যদিকে আজাদ এশা মনে করেন, গাজায় সাম্প্রতিক যুদ্ধের সময় ইসরায়েলে ভারতের অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ না দেওয়া, দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান না নেওয়া এবং ভারতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের মতো ঘটনা দেশটির ঘোষিত ফিলিস্তিন নীতির সঙ্গে সাংঘর্ষিক।

কাবির তানেজার মতে, ভারতের অর্থনৈতিক শক্তি বৃদ্ধিও পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের একটি কারণ। ১৯৬০-এর দশকে ভারতের অর্থনীতি তুলনামূলক ছোট ছিল। তখন অন্য শক্তিধর দেশগুলোকে অসন্তুষ্ট করার ঝুঁকি ছিল বেশি। বর্তমানে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং বাণিজ্য ও নিরাপত্তা সুরক্ষার বড় চাহিদা থাকায় ভারত আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার ক্ষেত্রে আগের চেয়ে বেশি সক্ষম। ফলে নিরাপত্তার স্বার্থে যেসব দেশ সহায়তা দিতে পারবে, তাদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইবে ভারত। ইসরায়েলও সেই অংশীদারদের একটি।

গাজা যুদ্ধে অস্ত্র সরবরাহ নিয়ে জবাবদিহির প্রশ্ন

ভারত-ইসরায়েল সম্পর্কের সমালোচকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ভারত কতটা দায়ী।

জাতিসংঘের একটি তদন্ত কমিশন গত জুনে জানিয়েছে, ইসরায়েলের দুই বছরব্যাপী গণহত্যামূলক যুদ্ধে অন্তত ২০ হাজার ১৭৯ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। কমিশন রাষ্ট্রগুলোকে এমন অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে, যেগুলো গণহত্যায় ব্যবহৃত হয়েছে বা হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ইসরায়েল কমিশনের প্রতিবেদন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

গাজায় যুদ্ধাপরাধের ঘটনায় ভারত রাষ্ট্র ও দেশটির কোম্পানিগুলো জড়িত কি না—এমন প্রশ্নে আজাদ এশা বলেন, তাঁর বিশ্বাস, তারা জড়িত। তাঁর মতে, ভারত এ বিষয়ে কিছু জানত না—এমন দাবি করতে পারে না।

অশুতোষ সিংও মনে করেন, কোনো দেশ যদি গণহত্যায় ব্যবহৃত হতে পারে এমন সরঞ্জাম ইসরায়েলকে সরবরাহ করে, তাহলে সেই দেশও দায় এড়াতে পারে না।

কংগ্রেস নেতা সালমান খুরশিদ অবশ্য স্বীকার করেছেন, কংগ্রেসশাসিত কয়েকটি রাজ্যও ইসরায়েলের তৈরি ফোন থেকে তথ্য সংগ্রহের প্রযুক্তি কিনেছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা তিনি অস্বীকার করছেন না। তবে এ ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে স্পষ্ট সীমা ও নিয়ন্ত্রণ থাকা জরুরি বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইসরায়েলের লেনদেনে সেই সীমারেখা স্পষ্ট নয়।

তবে খুরশিদের স্বীকারোক্তি, ‘এটি কোনো নিখুঁত পৃথিবী নয়। আমাদের কিছু ছাড় দিতেই হয়।’

সূত্র: আল-জাজিরা