ইমাম মাহদির নেতৃত্বে বিশ্বসরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ ফ্রন্টের কার্যক্রম চলবে: কায়ানি

ইমাম মাহদির (আ.) নেতৃত্বে বিশ্বসরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ ফ্রন্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাসিজ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি ইসলামি বিপ্লবের প্রয়াত প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির প্রতি শ্রদ্ধা জানান। ১৯৭৯ সালের বিপ্লবের বিজয়ের মধ্য দিয়ে ইমাম খোমেনি ইসলামি মূল্যবোধ পুনরুজ্জীবিত করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

কায়ানি স্মরণ করেন, বিপ্লবের পরপরই ইমাম খোমেনি ২ কোটি সদস্যের বাসিজ বাহিনী গঠনের ঐতিহাসিক নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে বিশ্বব্যাপী মুসলিম বাসিজ গঠনের আহ্বানও জানিয়েছিলেন তিনি।

ইমাম খোমেনির সেই ভাবনার গুরুত্ব তুলে ধরে কায়ানি তাঁর একটি বক্তব্য উদ্ধৃত করেন। এতে বলা হয়েছিল, ‘বিশ্বব্যাপী মুসলমানদের একটি বাসিজ বাহিনী গঠিত হলে, আল্লাহর রাসুলের আধ্যাত্মিক সন্তানদের প্রতি এমন দুঃসাহস দেখানোর সাহস কি কারও হতো?’

কায়ানি বলেন, ইমাম খোমেনির সেই কৌশলগত ভাবনা পরবর্তী সময়ে ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি বাস্তবায়ন করেন। এ অঞ্চলের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীকে সমর্থন দেওয়া এবং সেগুলোকে প্রতিরোধ ফ্রন্টে রূপ দেওয়ার মধ্য দিয়ে সেই উদ্যোগ এগিয়ে যায়।

তিনি আরও বলেন, বর্তমান নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি প্রতিরোধের বিভিন্ন ফ্রন্টের মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে ইরান ও মুসলিম বিশ্বে বড় ধরনের বিজয়ের পথনির্দেশনা দিয়েছেন।

কায়ানি জোর দিয়ে বলেন, ইমাম মাহদির নেতৃত্বে বিশ্বসরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মুসলিম বিশ্বজুড়ে এ আন্দোলন চলবে। আল্লাহর কাছে ইমাম মাহদির আবির্ভাব ত্বরান্বিত হওয়ার প্রার্থনা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এর মধ্য দিয়ে আরও বিজয় অর্জিত হবে।

কুদস ফোর্সের এই কমান্ডার বাসিজ সদস্য এবং অঞ্চলজুড়ে প্রতিরোধ যোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানান। বিশেষ করে ইরানের বিভিন্ন শহরের জনসমাগমস্থল ও চত্বরে পুনর্জাগরণমূলক অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত বাসিজ সদস্যদের প্রশংসা করেন তিনি।

কায়ানি বলেন, ‘আমাদের এবং বিশ্বের সব স্বাধীনতাকামীর পক্ষ থেকে ইসলামি মাতৃভূমির সব বাসিজ সদস্যের প্রতি শুভেচ্ছা। বিশেষ করে দেশের বিভিন্ন চত্বরে পুনর্জাগরণমূলক অনুষ্ঠান আয়োজনকারীদের প্রতি। একই সঙ্গে মুসলিম বিশ্বের বাসিজ সদস্য এবং প্রতিরোধের গর্বিত ফ্রন্টগুলোর যোদ্ধাদের প্রতিও আমাদের শুভেচ্ছা—ফিলিস্তিন ও অবিচল গাজা থেকে গর্বিত লেবানন, বীরত্বপূর্ণ ইয়েমেন ও মর্যাদাবান ইরাকসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের নাম-পরিচয়হীন, সীমান্তহীন বীরদের প্রতি।’

প্রতি বছর নভেম্বরের শেষ দিকে বাসিজ সপ্তাহ পালন করে ইরান। ১৯৭৯ সালের ২৬ নভেম্বর ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে বাসিজ বাহিনী প্রতিষ্ঠার স্মরণে এ আয়োজন করা হয়।

ইমাম খোমেনির উদ্যোগে দেশজুড়ে একটি স্বেচ্ছাসেবী বাহিনী গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর লক্ষ্য ছিল ২ কোটি সদস্যের একটি বাহিনী তৈরি করে দেশ ও নবপ্রতিষ্ঠিত ইসলামি প্রজাতন্ত্রকে বিভিন্ন হুমকি থেকে রক্ষা করা। ইরানি বর্ষপঞ্জির আজার মাসের পঞ্চম দিনে পালিত হয় বাসিজ দিবস।

১৯৮০ সালে সাদ্দাম হোসেনের বাথ পার্টি সরকারের চাপিয়ে দেওয়া আট বছরব্যাপী যুদ্ধে বাসিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে সময় স্বেচ্ছাসেবীদের সংগঠিত করে দেশটির সশস্ত্র বাহিনীকে সম্মুখযুদ্ধে সহায়তা করেছিল তারা।

বর্তমানে বাসিজ আইআরজিসির পাঁচটি শাখার একটি। সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক, সামাজিক, শিক্ষামূলক এবং ত্রাণ কার্যক্রমেও এর ভূমিকা রয়েছে।