ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের দুর্নীতি মামলায় বুধবার নতুন মোড় এসেছে। তাঁর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগের একটি মামলা বাদ দেওয়ার সুপারিশ করেছেন বিচারকরা। এতে মামলাগুলো শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নেতানিয়াহু পুরোপুরি আইনি ঝামেলা থেকে মুক্ত হয়েছেন, এমনটা এখনই বলা যাচ্ছে না।
অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের পর ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে তিনি যখন প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোট গঠনের উদ্যোগের মুখোমুখি, তখন দুর্নীতি মামলার এই অগ্রগতি তাঁর জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
২০২০ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচার শুরু হয়। তিনটি পৃথক দুর্নীতি মামলায় তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। নেতানিয়াহুর দাবি, এসব মামলা তাঁর রাজনৈতিক জীবনে দীর্ঘদিন ধরে বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে ইসরায়েলে একের পর এক নির্বাচনের কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। ওই সময় সরকার গঠনেও মামলাগুলো বাধা সৃষ্টি করেছে বলে দাবি করেন তিনি। তদন্ত ও বিচার চলার সময় তাঁর এবং পরিবারের ওপর ‘বছরের পর বছর ভয়াবহ দুর্ভোগ’ গেছে বলেও অভিযোগ করেছেন নেতানিয়াহু।
তাঁর বিরুদ্ধে মামলাগুলোর বেশির ভাগ অভিযোগের কেন্দ্রে রয়েছে নিজের ও স্ত্রী সারার অনুকূল সংবাদ প্রচার নিশ্চিত করতে বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ এবং রাজনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা।
তিনটি দুর্নীতি মামলা
নেতানিয়াহুর বিরুদ্ধে প্রথম মামলা ‘কেস ১০০০’। অভিযোগ, তিনি ও তাঁর স্ত্রী রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে বিভিন্ন উপহার ও অর্থনৈতিক সুবিধা গ্রহণ করেছেন।
‘কেস ২০০০’-এ অভিযোগ করা হয়েছে, ইসরায়েলের দৈনিক ইয়েদিওথ আহরোনথের সঙ্গে নেতানিয়াহু একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন। ওই সমঝোতা অনুযায়ী, সংবাদপত্রটির প্রতিদ্বন্দ্বী সংবাদমাধ্যম ইসরায়েল হায়োমের বাণিজ্যিক কার্যক্রম সীমিত করার আইন প্রণয়নের বিনিময়ে তাঁর অনুকূল সংবাদ প্রকাশ করা হতো।
‘কেস ৪০০০’-এ অভিযোগ, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বেজেককে বিভিন্ন সুবিধা দেওয়ার বিনিময়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের মালিকানাধীন সংবাদমাধ্যমে নেতানিয়াহু ও তাঁর স্ত্রীর পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশের ব্যবস্থা করা হয়েছিল।
বিচারকরা নিজেরা মামলা বাতিল করার ক্ষমতা রাখেন না। তবে কেস ৪০০০-এর অভিযোগ বাদ দেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা এবং নেতানিয়াহুর আইনজীবীদের প্রতি সুপারিশ করেছেন তাঁরা। বিচারকদের মতে, বিশেষ করে ঘুষের অভিযোগে নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা কম।
কেস ২০০০-এর অভিযোগে যে আচরণের কথা বলা হয়েছে, তা আদৌ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে কি না, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিচারকরা। তাঁরা মামলাটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
কেস ১০০০-এর ক্ষেত্রে বিচারকরা প্রসিকিউশন ও আসামিপক্ষকে আলোচনার মাধ্যমে বিচার শেষ করার বিষয়ে সমঝোতায় পৌঁছানোর পরামর্শ দিয়েছেন। তবে এ মামলায় রায় দেওয়ার বিকল্পও খোলা রয়েছে।
ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ের আইনবিষয়ক গবেষক বারাক মেডিনা বলেন, বিচারকদের এই হস্তক্ষেপ নজিরবিহীন। প্রসিকিউশন তাদের যুক্তি উপস্থাপনের সুযোগ পাওয়ার আগেই বিচারকরা মামলাগুলো সম্পর্কে নিজেদের মতামত প্রকাশ করেছেন।
অ্যাটর্নি জেনারেল কি মামলা বাদ দেবেন?
বিচারকদের সুপারিশের পর অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা বলেছেন, আদালতের উত্থাপিত প্রতিটি বক্তব্য ও প্রস্তাব বিবেচনা করা হবে। অতীতেও যেসব বিষয় নিয়ে যুক্তি দেওয়া হয়েছে, সেগুলোসহ সবকিছু পুনরায় পর্যালোচনা করতে তাঁরা প্রস্তুত।
নেতানিয়াহুর আইনজীবীরা বিচার শেষ করার জন্য কোনো ধরনের সমঝোতার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, তাঁরা আগে এ ধরনের প্রস্তাব বিবেচনা করেছেন এবং ইতিবাচক সাড়া দিয়েছিলেন। সেই অবস্থান এখনো বহাল রয়েছে।
নেতানিয়াহুর সঙ্গে অ্যাটর্নি জেনারেলের বিরোধ
বাহারাভ-মিয়ারা ও নেতানিয়াহু দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও নীতিগতভাবে বিরোধী অবস্থানে রয়েছেন।
২০২৩ সালের শুরুতে বিচারব্যবস্থার সংস্কারের মাধ্যমে বিচার বিভাগের ক্ষমতা সীমিত করা এবং সরকারের ওপর বিচারিক নজরদারি কমানোর নেতানিয়াহুর উদ্যোগের কড়া সমালোচকদের একজন ছিলেন বাহারাভ-মিয়ারা।
এরপরও সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি। এর মধ্যে সরকারি প্রশাসনের স্বাধীনতা ক্ষুণ্ন করার উদ্যোগ এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার প্রচেষ্টার বিরোধিতা উল্লেখযোগ্য।
নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট বারবার অ্যাটর্নি জেনারেলকে সরকারের কর্মসূচি বাস্তবায়নে বাধা দেওয়ার অভিযোগ করেছে। ২০২৫ সালের আগস্টে জোটের সদস্যরা সর্বসম্মতিক্রমে তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। তবে পরে সুপ্রিম কোর্ট ওই সিদ্ধান্ত বাতিল করে দেন।
নেতানিয়াহু কি এখন দায়মুক্ত?
নেতানিয়াহু নিজে অবশ্য মনে করছেন, বিচার শেষ করার পথ তৈরি হয়েছে। বিচারকদের সুপারিশের পর দেওয়া এক বক্তব্যে তিনি বিচার বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘বয়কট বন্ধ করতে হবে, এখনই।’
এ বক্তব্যে তিনি মূলত বিরোধী রাজনৈতিক নেতাদের তাঁর সঙ্গে জোট গঠনে অস্বীকৃতির বিষয়টি উল্লেখ করেন।
নেতানিয়াহু বলেন, ইসরায়েল বর্তমানে বড় ও তাৎক্ষণিক বিপদের মুখে রয়েছে। এসব মোকাবিলার একমাত্র উপায় হলো ঐক্যবদ্ধ হওয়া। দেশের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এখনই একসঙ্গে কাজ করা প্রয়োজন।
তবে বিচারকদের সুপারিশের বিষয়ে ইসরায়েলের প্রধান বিরোধী রাজনৈতিক নেতাদের কেউ এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব এসেক্সের ইসরায়েলি গবেষক রই জুর মনে করেন, নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের ক্ষেত্রে মূল বাধা তাঁর দুর্নীতি মামলা নয়। বরং ৭ অক্টোবরের ঘটনা এবং পরবর্তী যুদ্ধের ক্ষেত্রে নেতানিয়াহুর ভূমিকা নিয়েই রাজনৈতিক বিরোধ বেশি।
তিনি বলেন, নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা আগের তুলনায় বাড়বে বলে তিনি মনে করেন না। নাফতালি বেনেট গত দুই সপ্তাহে এমন জোটের বিষয়ে কিছুটা আগ্রহ দেখিয়েছেন এবং এখনো সেই অবস্থানে রয়েছেন। তবে অন্য তিন নেতা—আইজেনকট, আভিগদর লিবারম্যান ও ইয়াইর গোলান—এ ধরনের জোটের বিরোধী বলেই মনে হচ্ছে।
নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ
নেতানিয়াহুর সমালোচকদের অভিযোগ, তাঁর বিরুদ্ধে চলমান ফৌজদারি বিচার বাধাগ্রস্ত করতে তিনি সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত নিয়েছেন। এসব অভিযোগের মধ্যে রয়েছে গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করা, রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে ফিলিস্তিনিদের জীবন, যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার চুক্তিকে অগ্রাধিকার না দেওয়া।
২০২৩ সালে বিচারব্যবস্থার সংস্কার নিয়ে নেতানিয়াহুর উদ্যোগের সময় এসব অভিযোগ আরও জোরালো হয়। বিরোধী রাজনীতিক, আইনজ্ঞ ও প্রতিবাদকারীদের দাবি ছিল, ওই সংস্কারের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা দুর্বল করা এবং নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলাগুলো থেকে বেরিয়ে আসার পথ তৈরি করা হতে পারে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে সাবেক অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যান্ডেলব্লিট অভিযোগ করেন, নেতানিয়াহু নিজের দুর্নীতি মামলা অনুচিতভাবে শেষ করার উদ্দেশ্যে বিচারব্যবস্থার সংস্কার উদ্যোগ নিয়েছেন। সংস্কারের অন্যতম পরিকল্পনাকারী বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনও স্বীকার করেছিলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগগুলো বিচারব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তা বোঝাতে জনমত তৈরিতে ভূমিকা রেখেছে।
গাজায় যুদ্ধ পরিচালনা নিয়েও নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থের অভিযোগ ওঠে। ২০২৪ সালের মে মাসে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট নেতানিয়াহুকে ব্যক্তিগত স্বার্থের চেয়ে জাতীয় অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। যুদ্ধের পর গাজার ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা না থাকারও সমালোচনা করেন তিনি।
এর এক মাস পর তৎকালীন প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গান্তজ অভিযোগ করেন, রাজনৈতিক কারণে নেতানিয়াহু জিম্মিদের মুক্তির চুক্তি বাধাগ্রস্ত করছেন।
২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনও মন্তব্য করেন, নেতানিয়াহু রাজনৈতিক সুবিধার জন্য যুদ্ধ দীর্ঘায়িত করছেন বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। তাঁর এই মন্তব্যকে অনেকেই নেতানিয়াহুর দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কিত বলে ব্যাখ্যা করেছিলেন।
ইসরায়েলের অন্য নেতারাও কি দুর্নীতি মামলায় জড়িয়েছেন?
১৯৯৬ সাল থেকে দায়িত্ব পালন করা ইসরায়েলের অধিকাংশ প্রধানমন্ত্রী কোনো না কোনো সময়ে দুর্নীতির তদন্তের মুখোমুখি হয়েছেন।
২০১৪ সালের মে মাসে সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট একাধিক দুর্নীতি মামলায় ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হন। এসব অভিযোগ তাঁর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন এবং জেরুজালেমের মেয়র থাকার সময়কার কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত ছিল। তিনি ১৬ মাস কারাগারে ছিলেন।
নেতানিয়াহুর অব্যবহিত পূর্ববর্তী প্রধানমন্ত্রী এহুদ বারাকও ২০১৪ সালে ঘুষ ও অবৈধ নির্বাচনী অর্থায়নের অভিযোগে তদন্তের মুখোমুখি হন। তবে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়নি। বারাক বিতর্কিত মার্কিন অর্থদাতা জেফরি এপস্টেইনের দীর্ঘদিনের সহযোগী ছিলেন।
১৯৯০-এর দশকের শেষ দিকে সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন তাঁর ছেলের কাছে অর্থপ্রদান এবং এর বিনিময়ে রাজনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে তদন্তের মুখোমুখি হন। ‘গ্রিক আইল্যান্ড অ্যাফেয়ার’ নামে পরিচিত ওই মামলায় প্রমাণের অভাবে প্রসিকিউটররা মামলা এগিয়ে নেননি।
২০০০ সালে ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষামন্ত্রী এজার উইজম্যানও দুর্নীতির তদন্তের মুখোমুখি হন। পুলিশ তাঁর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে মামলা করার মতো যথেষ্ট প্রমাণ থাকার কথা জানিয়েছিল। তবে অভিযোগগুলোর ক্ষেত্রে আইনি সময়সীমা শেষ হয়ে যাওয়ায় মামলা এগোয়নি। ওই বছরের জুলাইয়ে পদত্যাগ করেন উইজম্যান।