হরমুজ প্রণালির পূর্বাঞ্চল থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত জলসীমায় নিজেদের নৌবাহিনীর নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় থাকার দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রপথে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে এ দাবি জানাল দেশটির সেনাবাহিনী।
ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির সামরিক মুখপাত্র মোহাম্মদ আকরামনিয়া বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই জলপথ ও সংলগ্ন সমুদ্র এলাকায় ইরানের নৌবাহিনী নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।
তাঁর এ বক্তব্য এমন সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ অকার্যকর করে দিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল জাহাজটি।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ওমানের খাসাব বন্দরের কাছে দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত করেছে।
সামুদ্রিক বাণিজ্যিক জাহাজে হামলা এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতিতে সমুদ্রসীমার নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক দাবি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।