মিয়ানমারে বিয়েবাড়ি ও স্কুলে বিমান হামলায় নিহত ৩৬

মিয়ানমারে পৃথক দুই বিমান হামলায় ৩৬জন নিহত হয়েছেন। এরমধ্যে শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামের বিয়ে বাড়িতে হামলায় ৬জন এবং মাগওয়ে অঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুলে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশু ও কয়েকজন স্কুলশিক্ষার্থী রয়েছে। বিয়েবাড়িতে শনিবার (২৮ নভেম্বর) এবং স্কুলে বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি জানায়, মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় দেশটির সংঘাতপূর্ণ এলাকার একটি বিয়ের অনুষ্ঠানস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। তবে এক প্রত্যক্ষদর্শীর দাবি, নিহতের সংখ্যা ১৭ জন পর্যন্ত হতে পারে।

হামলার পর আহতদের রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ভিডিও ও ছবি পাওয়া গেছে। তবে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। ওই গ্রামটিতে অনেক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আশপাশের গ্রামগুলোতে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, বিমান ওড়ার শব্দ শুনলেও তিনি প্রথমে ভেবেছিলেন তাদের এলাকায় হামলা হবে না। পরে বাড়িতে ঢোকার সময় বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং হামলাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে দেখেন।

প্রত্যক্ষদর্শী জানান, বোমাটি আঘাত হানে একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানে বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল। বিস্ফোরণের পর তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৭টি মরদেহ ও অনেক আহত ব্যক্তিকে দেখতে পান বলে জানান। গ্রামবাসীদের দেওয়া ছবিতে ছয়টি মরদেহ দেখা গেছে।

এদিকে রয়টার্স জানায়, মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশু ও কয়েকজন স্কুলশিক্ষার্থী রয়েছে। শনিবার স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ও বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সিনবাউংওয়ে এলাকার একটি স্কুল ও বৌদ্ধ মঠ চত্বরে এ হামলা চালানো হয়। স্থানীয় সময় একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে হামলার ঘটনা ঘটে বলে এনইউজি ও স্থানীয় বিদ্রোহী কর্তৃপক্ষের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলায় ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা, ১২টি আর্টিলারি শেল এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়।

এনইউজির মুখপাত্র নে ফোন লাত এবং স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বিমান ও গোলাবর্ষণে নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং নয়জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর দাবি, হামলার সময় এলাকায় কোনো সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা কেবল মাঝেমধ্যে গ্রামটির ভেতর দিয়ে যাতায়াত করতেন। তবে সামরিক বাহিনীপন্থী টেলিগ্রাম চ্যানেলগুলোর দাবি, বিদ্রোহী বাহিনীর একটি সমাবেশকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল।

শনিবার বিকেল পর্যন্ত মিয়ানমারের সামরিক বাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। দেশটির সরকারের পক্ষ থেকেও মন্তব্য পাওয়া যায়নি। এনইউজির তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত মিয়ানমারের সামরিক বাহিনী ৬ হাজার ৬৫৩টি ঘটনায় মোট ১৫ হাজার ৩২৭টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।