পাকিস্তানের প্রথম নভোচারী উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলী শনিবার চীনের ‘তিয়ানগং’ মহাকাশ স্টেশন থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে সরাসরি কথা বলেছেন।
চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ)-এর তথ্য অনুযায়ী, পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশনের (সুপারকো) সদর দফতরে আয়োজিত এক সরাসরি (লাইভ) যোগাযোগ সেশনে প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তানি নভোচারীর সাথে কথা বলেন।
পাকিস্তানের প্রথম মানববাহী মহাকাশ যাত্রার ইতিহাসে এই কথোপকথন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে; এর মাধ্যমে পৃথিবীর কক্ষপথে অবস্থানরত দেশের নভোচারীর সাথে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ পেল।
গত ২৫ নভেম্বর ‘শেনঝো-২৪’ মিশনে চড়ে জিশান আলী চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছান। তিনি সেখানে একজন পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দুই চীনা নভোচারী—তাং হংবো ও উ ই-এর সাথে যৌথভাবে বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনা করছেন।
মহাকাশ যাত্রার আগে আলী ২৫ কোটি পাকিস্তানির প্রত্যাশা বহন করার কথা জানিয়েছিলেন এবং এই মিশনকে নিজ দেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে অভিহিত করেছিলেন।
মহাকাশ স্টেশনে অবস্থানকালে পাকিস্তান-চীন যৌথ মহাকাশ কর্মসূচির অধীনে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় আলী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, তিয়ানগং মহাকাশ স্টেশনে অভিযানের জন্য পাকিস্তানি নভোচারী নির্বাচন ও প্রশিক্ষণের পথ সুগম করতে পাকিস্তান ও চীন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একটি নভোচারী সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল।
এ মিশনটি পাকিস্তান-চীন মহাকাশ সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ; এর মাধ্যমে পাকিস্তানি গবেষকরা চীনের মহাকাশ স্টেশনে বসে বৈজ্ঞানিক পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল