খবর সংযোগ ডেস্ক : ব্রাজিলে বিমান দুর্ঘটনায় শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল।
সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, একক ইঞ্জিনের সেসনা ক্যারাভান বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।
‘দুর্ঘটনায় বিমানটির ১০ জন যাত্রী, পাইলট ও কো-পাইলট সকলেই মারা যান। যাত্রীদের মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু। নিহতদের জাতীয়তা কী তা এখনও অস্পষ্ট। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হবে।’
স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং একটি বনে আগুনের সৃষ্টি করে।
গত সেপ্টেম্বরে অ্যামাজনাস প্রদেশে একটি ছোট জেট বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছিলেন। নিহত ১২ জন যাত্রীর সবাই ছিলেন ব্রাজিলিয়ান পর্যটক এবং অন্য দুজন ছিলেন পাইলট ও ক্রু।